যশোরে মিছিলে গুলি-বোমা, মাদ্রাসাছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে হেফাজত ইসলামের মিছিলে গুলি ও বোমা বিস্ফোরণ হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় একজন মাদ্রাসাছাত্র। তার নাম হোসাইন আহম্মেদ। সে মনিরামপুর উপজেলার জামেয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসার ইবতেদায়ির (পঞ্চম শ্রেণীর সমমান) ছাত্র। এ ছাড়া গুলি ও বোমার স্প্লিন্টারে পুলিশের পাঁচ সদস্য, পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের কনস্টেবল শামছুজ্জোহা, হেলাল উদ্দীন ও কামরুল ইসলামকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের রেলস্টেশন এলাকার জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় চিকিৎসক এনে সেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার বেলা ১১টায় যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের জিলা স্কুলের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের সমর্থনে হেফাজত ইসলাম এই মিছিল বের করে।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মুনির হাসান প্রথম আলোকে বলেন, দুপুর পৌনে ১২টায় হোসাইন আহম্মেদকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। তার পিঠের নিচে একটি গুলি লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। ভর্তির আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সংঘর্ষের সময় মিছিলকারীরা ১০টির মতো রিকশা ভাঙচুর করে। এ সময় একটি রিকশায় থাকা যশোর জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র তৌরাত হোসেন ও তার বোন মাধ্যমিক স্কুলের ছাত্রী তহমিনা খাতুন রিকশা থেকে পড়ে আহত হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, হরতালের সমর্থন জানাতে দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার প্রস্তুতি নেওয়া হয়। রেলস্টেশন এলাকার জামেয়া এমদাদিয়া মাদ্রাসা থেকে চার শতাধিক লোকের একটি মিছিল দড়াটানা মোড়ের দিকে যাচ্ছিল। মিছিলটি জিলা স্কুলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে প্ল্যাকার্ডের লাঠি ও ইট দিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মিছিলে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে। পুলিশ মিছিল লক্ষ্য করে গুলিও ছোড়ে। মিছিলে আসা হোসাইন পুলিশের ধাওয়ায় রাস্তার পাশের ড্রেনের মধ্যে পড়ে যায়। তার পিঠে শটগানের (বন্দুকের) নল ঠেকিয়ে পুলিশের এক সদস্য গুলি করে হত্যা করে। এ ছাড়া লাঠিপেটায় ২৪ জন আহত হয়।যশোরের পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলোকে বলেন, সংগঠনটির মিছিল-সমাবেশ করার অনুমতি ছিল না। তারা শহরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। বাধা দিলে মিছিল থেকে পুলিশের ওপর বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এমনকি গুলিও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৭৭টি গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়ে পুলিশ সুপার বলেন, পুলিশের গুলিতে নয়, নিজেদের ছোড়া গুলিতেই মাদ্রাসার ওই ছাত্র মারা গেছে।সংবাদ সম্মেলনে দোষীদের শাস্তি দাবি: বিকেলে হেফাজতে ইসলামের উদ্যোগে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপদেষ্টা নাজমুল হুদা, জমিয়তে ওলামা ইসলামের জেলা শাখার সহসভাপতি মুফতি আরিফ বিল্লাহ, হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।পটিয়ায় মিছিল-সমাবেশ: পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার (আল-জামেয়া আল ইসলামিয়া) ছাত্র ও শিক্ষকেরা গতকাল সকালে উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করে। পটিয়া থানার মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ, আবদুল নুর, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। বক্তারা অবিলম্বে নতুন নারীনীতি বাতিলের দাবি জানান। এ ছাড়া দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে হরতালের সমর্থনে খেলাফতে মজলিশের বের করা মিছিল থেকে পুলিশ সাতজনকে আটক করে। বিকেলে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। শেরপুরে ভোরে জামায়াতে ইসলামীর জেলা আমিরসহ ছয়জনকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।