যশোরে মিছিলে পুলিশের বাধা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে ইসলামী ঐক্যজোটের একাংশের ডাকা হরতালের সমর্থনে আজ একটি মিছিল বের হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মিছিলকারীদের। এ সময় মিছিল থেকে ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করে।এ ব্যাপারে হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বাধার সৃষ্টি করে প্রথমে লাঠিপেটা করে। পরে মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি দাবি করেন, মিছিলে আসা হোসাইন (১৯) পুলিশের ধাওয়ায় রাস্তার পাশের নালার মধ্যে পড়ে যান। তাঁর পিঠে শটগানের (বন্দুকের) নল ঠেকিয়ে পুলিশের এক সদস্য গুলি করে হত্যা করে।জানা গেছে, হোসাইন যশোরের মনিরামপুর উপজেলার মাদানীনগর মাদ্রাসার ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন। তাঁর বাড়ি উপজেলার চাকলা গ্রামে। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ছাড়া মিছিলে থাকা ২৪ জন লাঠিপেটায় আহত হয়েছে।আহত ব্যক্তিদের রেলস্টেশন এলাকার মাদ্রাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাদ্রাসার হেফজো বিভাগের ছাত্র কামরুজ্জামান, ইসমাইল হোসেনসহ পাঁচজনকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। জানা যায়, ওই মিছিলে যশোরের বিভিন্ন উপজেলার মাদ্রাসা থেকে ৪০০-৫০০ শিক্ষার্থীকে আনা হয়।যশোরের পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলোকে বলেন, সংগঠনটির মিছিল-সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। তারা শহরে উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। বাধা দিলে মিছিল থেকে পুলিশের ওপর বোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এমনকি গুলিও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৭৭টি গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।পুলিশ সুপার আরও বলেছেন, তাঁদের পাঁচ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত পুলিশের মধ্যে কনস্টেবল শামছুজ্জোহা, হেলাল উদ্দীন ও কামরুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিছিলে থাকা আহত অন্যদের রেলস্টেশন এলাকার জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় চিকিৎসক এনে সেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।যশোর কোতোয়ালি থানা জানায়, প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের প্রতিবাদে কাল সোমবারের ডাকা হরতালের সমর্থনে ‘হেফাজত ইসলাম’-এর ব্যানারে একটি সংগঠন যশোর শহরে মিছিল বের করে। মিছিলটি সার্কিট হাউসের সামনে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়।যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মিছিলে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭৭টি গুলি ছোড়ে।