যশোরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের দড়াটানা মোড়ে হরতালের সমর্থকদের মিছিলের পেছনের দিকে আজ মঙ্গলবার দুপুরে ককটেলের মুহুর্মুহু বিস্ফোরণ ঘটেছে। এ সময় হরতালের সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হরতাল সমর্থকদের একটি মিছিল দড়াটানা মোড়ে পৌঁছালে মিছিলের পেছনের দিকে ছয়-সাতটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় হরতালবিরোধীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলের লোকজনকে ধাওয়া দেয়। পরে যশোর জেনারেল হাসপাতালের সামনে আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে আতঙ্কের সৃষ্টি হয়।যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের সহায়তায় যুবলীগ ও ছাত্রলীগের লোকজন ককটেল হামলা চালিয়েছে। ককটেলের আঘাতে বিএনপির অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দাবি করেন, ‘আমরা দড়াটানা মোড়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। আমি নিজে দাঁড়িয়ে থেকে বিএনপির মিছিলটি দড়াটানা মোড় থেকে বেরিয়ে যেতে সহায়তা করেছি। অথচ মিছিলের পেছন দিক থেকে আমাদের ওপর ককটেল ছোড়া হয়। তখন আমাদের ছেলেরা লাঠিসোঁটা দিয়ে তাদের প্রতিহত করেছে মাত্র।’ ককটেলের আঘাতে ছাত্রলীগের চারজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কাউকে সহায়তা করা হয়নি; বরং পুলিশ উভয় পক্ষকে নিবৃত না করলে সংঘর্ষ ভয়াবহ রূপ নিত। শহরের কয়েকটি স্থানে পটকা ধরনের ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এগুলো শক্তিশালী নয় বলেও তিনি মন্তব্য করেন।