যশোরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা
যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীনকে (৩২) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। আহতদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।নিহত রায়হান চৌগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের জামিরা গ্রামের মহসীন আলীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার সকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, চৌগাছার সাদিপুর গ্রামের শফিকুল (৩০) ও আলী আকবর (৪০)।এদিকে জামিরা গ্রামের বিক্ষুব্ধ লোকজন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে পাতিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাদিপুর গ্রামের বিশারথ হোসেনসহ কয়েকজনের বাড়িতে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। নিহত রায়হানের বন্ধু জামিরা গ্রামের শরিফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘রোববার বিকেলে একটি ট্রাক ভাড়া করে রায়হানের নেতৃত্বে আমরা ৪৫ জন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সার্কাস দেখতে যাই। রাত তিনটার দিকে ফেরার পথে চৌগাছার সাদিপুর গ্রামে পৌঁছালে খড়বোঝাই দুটি গরুর গাড়ি রাস্তার ওপর রেখে ট্রাক থামানোর চেষ্টা করা হয়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রাকটি পেছনের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাদিপুর গ্রামের ইউপি সদস্য বিশারথ হোসেনের নেতৃত্বে ১৪-১৫ জন লাঠিসোঁটা, দা-কুড়াল দিয়ে চালকের মাথায় আঘাত করে। এ ঘটনায় ভয়ে ট্রাকের যে যার মতো পালিয়ে যায়। আমি ট্রাকের ডালার মধ্যে এক কোণে লুকিয়ে ছিলাম। আর রায়হান লুকিয়ে ছিল ট্রাকের কেবিনের মধ্যে। দরজার কাচ ভেঙে রায়হানকে তারা ধরে নিয়ে যায়। হামলায় চারজন আহত হন। এদের মধ্যে উপজেলার বারুইহাটি গ্রামের ট্রাকচালক আশা, জামিরা গ্রামের কবির হোসেন ও পাশাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলো ডটকমকে বলেন, ভোরে সাদিপুর গ্রামের একটি রাস্তার পাশের দোকানের পেছন থেকে গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রায়হানের দুই হাত পেছন দিকে বাঁধা ছিল। সাদিপুর গ্রামের শফিকুল ও আলী আকবর নামের দুই ব্যক্তি রায়হানকে আটকে রেখেছিল। ঘটনাস্থল থেকে ওই দুজনকে আটক করা হয়েছে। ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাতিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য রিশারথের নেতৃত্বে রায়হানদের ওপর হামলা চালানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ মাড়ুয়া গ্রামের একটি স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে সাদিপুর গ্রামের শাহিন ও জামিরা গ্রামের রায়হানের মধ্যে গোলযোগ হয়। ওই ঘটনায় শাহিনসহ দুজন আহত হন। সেই ঘটনার জের ধরে সাদিপুর ও জামিরা গ্রামের মানুষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময়ে দুই গ্রামের মানুষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। ওসি জানান, ওই ঘটনাকে কেন্দ্র করে রায়হানকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।