যশোরে যুবদল নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানের (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে এক বখাটে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।একই রাতে ঝিকরগাছা উপজেলার দিঘড়ী গ্রামে মাছ চুরির অভিযোগ এনে দেলোয়ার হোসেন ওরফে দুলু গাজী (৪৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।যুবদলের নেতা আশিকুরের বাড়ি সদর উপজেলার উপশহর এলাকার ই-ব্লকের ৫২ নম্বর বাসায়। খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে যশোর জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে ই-ব্লকের বাসিন্দা হিরণের (২০) নেতৃত্বে কয়েকজন বখাটে স্থানীয় কয়েকটি বাড়ির ছাদে ইট ছোড়ে। স্থানীয় লোকজন তাদের ধরে কয়েকটি চড় দেয়। এ সময় আশিকুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। বিষয়টি শুনে তিনিও হিরণকে একটি চড় মারেন। হিরণের মা পারুল বেগম তাৎক্ষণিক বাড়ি থেকে বেরিয়ে এর প্রতিবাদ জানান। ওই সময় হিরণ দৌড়ে তাঁদের বাড়িতে ঢুকে কাঠের একটি লাঠি এনে পেছন থেকে আশিকুরের মাথায় আঘাত করেন। এতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আশিকুর। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।পরে ওই হাসপাতালে আশিকুরের ময়নাতদন্ত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা হাসপাতাল থেকে আশিকুরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পরে আশিকুরের লাশ জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেওয়া হলে নেতা-কর্মীরা তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হিরণসহ স্থানীয় কয়েকজন বখাটে স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের বাড়িতে নিয়মিত ঢিল ছোড়ে। আশিকুরের বাড়িতেও বখাটেরা বিভিন্ন সময় ঢিল ছুড়েছে। এ জন্য আশিকুর ক্ষুব্ধ হয়ে হিরণকে একটি চড় মারেন।ওসি বলেন, আশিকুর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হিরণ ও তাঁর মা পারুল বেগম পলাতক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আশিকুরের খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক প্রথম আলোকে বলেন, গতকাল থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, শোক সভা ও কালো ব্যাজধারণ।পিটিয়ে হত্যা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গতকাল ভোরে ঝিকরগাছার দিঘড়ী গ্রামের নূরুল হুদার পুকুরপাড়ে বাঁকড়া ইউনিয়নের বাওশা গ্রামের দিনমজুর দেলোয়ারের নিথর দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। তখনো দেলোয়ারের শ্বাস-প্রশ্বাস চলছিল। কিছুক্ষণ পর সকাল ছয়টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় দেলোয়ারের স্ত্রী শিরিনা বেগম দিঘড়ী গ্রামের লিটন, নূরুল হুদা, শিমুল ও গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেছেন।ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দেলোয়ার সোমবার রাতে নূরুল হুদার পুকুরে মাছ চুরি করতে যান। ওই সময় নূরুল হুদাসহ কয়েকজন দেলোয়ারকে পিটুনি দিয়ে পুকুরপাড়ে ফেলে রাখেন। গতকাল সকালে দেলোয়ারের লাশ উদ্ধারের সময় হাত, পা, নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।এমদাদুল বলেন, ঘটনার পর থেকে নূরুল হুদাসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছেন।চুরির অভিযোগের ব্যাপারে নিহত দেলোয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।