যশোরে রাত ১২টার পর রিকশা-ট্যাক্সি বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৮ আগস্টের ঘটনা। রাত ১২টার পর পরই যশোর শহরের বেজপাড়ার নিরিবিলি আবাসিক এলাকায় নিজের বাসার সামনে আক্রান্ত হলেন ধনাঢ্য ব্যবসায়ী ও বামপন্থী রাজনীতির সক্রিয় কর্মী কামরুল ইসলাম। সশস্ত্র ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়।কিন্তু কামরুলকে হাসপাতালে নিয়ে যেতে যথেষ্ট দেরি হয়ে গেল। এই দেরির কারণ কারও অবহেলা নয়, নিছক যানবাহন না পাওয়া। পুলিশ রাত ১২টার পর যশোর শহরে রিকশা-ট্যাক্সি-ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে। পরিণামে হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাঁচানো যায়নি কামরুলকে।খুন-ছিনতাই যশোরের মানুষের কাছে যেন নিত্যদিনের অনুষঙ্গ হয়ে গেছে। তাই প্রতিরোধে এগিয়ে আসে না কেউ। এমনকি একের পর এক হত্যাযজ্ঞের বিবরণ শুনতে শুনতে শ্রোতার মন অবসাদগ্রস্ত হয়ে পড়লেও বর্ণনাকারী যশোরবাসীর কারোর গলা একটুও কেঁপে ওঠে না। তাদের মনে এ প্রশ্নও জাগে না, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে জনগণের চলাচলের অধিকার লঙ্ঘন করছে।যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যশোরে যখন চরমপন্থীদের রমরমা অবস্থা, তখন থেকেই রাত ১২টার পর শহরে যানবাহন চলাচল না করার ব্যাপারে উৎসাহিত করা হতো। এরই ধারাবাহিকতায় রিকশা-ট্যাক্সি ও ইজিবাইকের চালকদের বেশির ভাগ নিজেরাই ১২টা বাজার আগে ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বললেন, যেহেতু ঈদের আগে ছিনতাই বেড়ে যায়, তাই গেল রমজান মাসে ১২টার পর শহরে যানবাহন চলাচল না করার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে উৎসাহিত করা হতো। রমজান মাসের পর আর কাউকে নিষেধ করা হচ্ছে না।কিন্তু এ মাসেই এক রাতে শহরের চিত্রা মোড় থেকে ঘোপ নওয়াপাড়া সড়কে যাওয়ার কথা বলতেই এক রিকশাচালক বললেন, ‘ঘোপে যাআ যায়।’ ঘোপ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না কেন, জানতে চাইলে চালক বলেন, ‘হনে তো পুলিশের টহল নেই। রাত ১২টার পরে পুলিশের সামনে পড়লি বেদম মারধর করে। রিকশার চাকার টায়ারে ভোমর মাইরে পাম (হাওয়া) সরাই দেয়। আবার যদি পাসেনডার (যাত্রী) ছিনতাইকারীর খপ্পরে পড়ে, তাহলি তো আর রক্ষা নেই। রিকশাওয়ালা পর্যন্ত টান পড়ে।’যশোর সদরের সাংসদ খালেদুর রহমান টিটোর মন্তব্য জানতে চাইলে তিনি বিস্ময় প্রকাশ করলেন, যেন এর আগে কখনো এ কথা শোনেননি। তারপর বললেন, ‘তাই নাকি? কই, আমি তো রাত-বিরাতে ঘুরে বেড়াই রিকশা-টিকশা তো ঠিকই চলে।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানও বিস্মিত! বললেন, ‘তাই নাকি? আশ্চর্য! পুলিশের কেউ তো এ নিয়ে আইনশৃঙ্খলা কমিটিতে কোনো আলাপ করেননি।’