যশোরে রামকৃষ্ণ আশ্রমের মন্দির ভেঙে লুটপাট
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের দুটি মন্দিরের গ্রিল কেটে পূজা অর্চনার কাঁসা-পিতলের সামগ্রী ও প্রতিমা থেকে স্বর্ণালংকার লুটপাট হয়েছে। এ সময় মন্দিরের দানবাক্স ভেঙে এবং আলমারি ও টেবিলের ড্রয়ার থেকে নগদ টাকা নিয়ে কাগজপত্র তছনছ করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি আশ্রমে হানা দিয়ে নৈশপ্রহরী ও এক স্বামীজিকে বেঁধে রেখে এ লুটপাট চালায়।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজ মঙ্গলবার ভোরে মামুন (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। মামুন আশ্রমসংলগ্ন শহরের টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে কাপড়ে মুখ ঢেকে ১০-১২ জন দুর্বৃত্ত আশ্রমের সীমানাপ্রাচীর ডিঙিয়ে ক্যাম্পাসে ঢোকে। এ সময় নৈশপ্রহরী আবু বকর সিদ্দিকীর গলায় দা ঠেকিয়ে তাঁকে বেঁধে ফেলা হয়। পরে দুজন আবু বকরকে জিম্মি করে রাখে। অন্যরা আশ্রমের তিনটি মন্দিরের দুটির গ্রিল কেটে ভেতরে ঢুকে পূজা-অর্চনার সামগ্রী তছনছ ও লুটপাট করে। এরপর কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে থাকা দুই স্বামীজির একজনের কক্ষের দরজা ভেঙে ভেতর ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকেও বেঁধে ফেলা হয়। অন্যজনের কক্ষের দরজা বাইরে থেকে আটকে রাখা হয়। এ সময় তিনি শৌচাগারে ঢুকে মুঠোফোনে পুলিশ ও আশ্রমের ছাত্রনিবাসে ডাকাতির বিষয়টি জানিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল সরে পড়ে। এ ব্যাপারে আশ্রমের স্বামীজি আত্মবিভানন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার শয়নকক্ষের দরজা বাইরে থেকে আটকে রাখা হয়েছিল। আমি দরজা খোলার জন্যে ধাক্কাধাক্কি করলে ডাকাতেরা বলছিল, চিত্কার করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে।’ তিনি বলেন, ‘ডাকাতেরা দুটি মন্দিরের পূজা-অর্চনার কাঁসা-পিতলের সামগ্রী তছনছ ও লুটপাট করেছে। একটি প্রতিমা থেকে তারা অন্তত ছয় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।’ স্বামীজি আরও বলেন, ‘ভারতের বেলুর মঠের নিয়ন্ত্রণে সম্প্রতি আমরা এ রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিচালনার দায়িত্ব নিয়েছি। এর আগে এ আশ্রমের অভ্যন্তরে স্থানীয় সন্ত্রাসী ও বখাটের ব্যাপক দৌরাত্ম্য ছিল। এ প্রবণতা ঠেকাতে সীমানাপ্রাচীর উঁচু করা হয়েছে। প্রশাসনিক নজরদারিও বাড়ানো হয়। এর পর থেকে সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে হুমকি দিতে থাকে। ধারণা করছি, স্থানীয় ওই সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে ডাকাতির এ ঘটনা ঘটিয়েছে।’ যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ প্রথম আলো ডটকমকে বলেন, ওই এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী সম্প্রতি বিভিন্ন মামলায় জামিনে বের হয়েছে। ওই সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।ডাকাতির ঘটনার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য যশোর জেলা পূজা উদযাপন পরিষদ ও আশ্রম পরিচালনা পরিষদের নেতাদের সমন্বয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ রাত নয়টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।