যশোরে শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের লালদীঘির পাড়ে আজ সোমবার রাত নয়টার দিকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কামরুজ্জামান ওরফে বাঁশি রিপনকে গুলি করে ও বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় রিপনের বন্ধু তুষার আহত হন।রিপন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তুষার জানান, রিপনসহ তিনি কয়েকজনের সঙ্গে লালদিঘীর পাড়ের একটি হোটেলে বসে নাশতা করছিলেন। হঠাৎ শহরের মিশনপাড়ার ফরিদ ও মনির নেতৃত্বে চারটি মোটরসাইকেলে করে আটজন লোক সেখানে উপস্থিত হয়। এ সময় রিপনসহ তাঁরা হোটেল থেকে বেরিয়ে নিজেদের মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেন। এরই মধ্যে ফরিদ ও মনির সঙ্গে আসা একজন রিপনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। অন্য একজন বোমা ছোড়ে। আতঙ্কিত হয়ে তাঁরা দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে তাঁর (তুষার) পা ভেঙে যায়।খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ রিপনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিত্সক আকতারুজ্জামান মির্জা রিপনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, রিপনের মাথায় গুলি করা হয়েছে। পেটে বোমার আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর লালদীঘির পাড় এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।রিপনের স্ত্রী বাঁশি জানান, রিপন বিকেলে ছেলেকে নিয়ে বের হন। সন্ধ্যায় কেউ একজন তাঁর মুঠোফোনে রিপনের মৃত্যুর খবর জানায়।শাহীন চাকলাদার অভিযোগ করেন, যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফ আবদুর রাকিবের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা রিপনকে হত্যা করেছে।অভিযোগের জবাবে সাংসদ খালেদুর রহমান বলেন, এটা মিথ্যে কথা। যশোরের মানুষ জানে, কারা কার সঙ্গে ঘোরে।জেলা প্রশাসক মুজিবুল হক বলেন, দলীয় কোন্দলের কারণেই বাঁশি রিপন খুন হয়েছেন বলে মনে হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, রিপন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ তাঁকে অনেক দিন ধরেই খুঁজছিল। তিনি আত্মগোপনে ছিলেন। বাঁশি রিপনের হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।