যশোরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা সভাপতি নাজমুল ইসলাম হত্যার প্রতিবাদে গতকাল শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সকালে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে মানুষ তেমন ঘর ছেড়ে বের হয়নি। এতে করে হরতাল সফল করতে নেতা-কর্মীদের তেমন পিকেটিংও করতে হয়নি। তার পরও দড়াটানা মোড়, উকিলবার, পালবাড়িসহ বিভিন্ন এলাকায় দলের কর্মীরা বিচ্ছিন্নভাবে পিকেটিং করেন। বিকেলে প্রতিবাদ সমাবেশের আগে নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন।ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ভোরে যশোরের ওপর দিয়ে বেনাপোল, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। তবে সকালে যশোর থেকে আন্তজেলা যাত্রীবাহী বাস ছাড়েনি। দুপুরের পর থেকে কিছু কিছু বাস চলতে শুরু করে।হরতালের সময় শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। এ ছাড়া শহরের মধ্যে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলও চলতে দেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়।তবে জেলা সদরের বাইরে সাতটি উপজেলায় হরতালের তেমন প্রভাব পড়েনি বলে জানা গেছে।বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা।সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মীকে আটক করতে হলে পুলিশকে নিজস্ব পোশাক পরে আসতে হবে। সঙ্গে থাকতে হবে গ্রেপ্তারি পরোয়ানা। সাদা পোশাকে আটক করতে এলে ধরা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’সাবেরুল হক আরও বলেন, ‘সাদা পোশাকে পুলিশ দলীয় নেতা-কর্মীদের ধরতে যাওয়ার পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব পুলিশকেই নিতে হবে। কারণ, পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকে বিএনপির নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। পরে ডোবা বা পুকুরে লাশ পাওয়া যাচ্ছে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নার্গিস বেগম, শহর বিএনপির সভাপতি ও যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম প্রমুখ।এখনো মামলা হয়নিনাজমুল ইসলামের লাশ উদ্ধারের পর দুই দিন পেরিয়ে গেলেও গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশও কাউকে আটক করতে পারেনি।এ ব্যাপারে নিহত নাজমুল ইসলামের চাচাতো ভাই আরমান হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পারিবারিক ব্যস্ততার কারণে মামলা করা সম্ভব হয়নি। আজ রোববার ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা করা হতে পারে।গত বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় নাজমুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। এর আগের দিন তাঁকে ‘অপহরণ’ করা হয় ঢাকার মোহাম্মদপুর থেকে।