যশোরে সাংবাদিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার কাশিপুর বাজারে গতকাল শুক্রবার রাতে জামাল উদ্দিন নামের এক সাংবাদিককে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি ‘গ্রামের কাগজ’ নামের একটি স্থানীয় পত্রিকার কাশিপুর প্রতিনিধি ছিলেন।জামাল উদ্দিনের ভাই লিটন হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কাশিপুর বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে। রাত নয়টার দিকে দোকানের সামনে জামালের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর তিনি জামালকে চায়ের দোকানে দেখে বাড়ি যান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা চায়ের দোকানে বসে থাকা জামালের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর বাঁ চোখ ও বাঁ পায়ের রগ কেটে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় জামালকে শার্শার নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের সহকারী পুলিশ সুপার নাইমুল হক বলেন, জামাল উদ্দিনের খুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কাশিপুর গ্রামে তোতা নামের এক ব্যক্তির বাড়ি থেকে রক্তমাখা ছুড়ি উদ্ধার করেছে পুলিশ। তবে তোতা পলাতক আছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।এদিকে জামাল উদ্দিন যে চায়ের দোকানের সামনে খুন হয়েছে স্থানীয়রা সেই দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বিক্ষুব্ধ সাংবাদিকেরা লাশ নিয়ে শহরে মিছিল করেছে।