যশোরে সাংসদের হাতে ওসি লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শায় সরকারদলীয় সাংসদের হাতে আজ রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার পারুইখুপি গ্রামে বিএনপির কর্মী আবদুল হামিদ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নেওয়ায় ওসি লাঞ্ছিত হয়েছেন বলে তাঁর দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) থেকে জানা গেছে।মামলা নেওয়াকে কেন্দ্র করে লাঞ্ছিত হওয়ার অভিযোগে স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের বিরুদ্ধে করা জিডিতে ওসি উল্লেখ করেন, ‘মামলার কপি নিয়ে সাংসদ শেখ আফিল উদ্দীন তাঁর জুট মিলের অফিসে ডেকে নিয়ে বলেন, “আমারে না জানিয়ে বিএনপি কর্মীদের মামলা নিলি কেন? ওই মামলায় আমার লোকজনরে ফাঁসিয়ে কাজটি তুই ভালো করিসনি।” এ সময় সাংসদ এসে গালে থাপ্পড় মেরে জামা ছিঁড়ে দেন। এ সময় তিনি বলেন, সকালের মধ্যে শার্শা থানা না ছাড়লে আমার লোকজন দিয়ে তোকে খুন করাব।’ তিনি জিডিতে উল্লেখ করেন, ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানসহ দুই-তিনজন পুলিশ তাঁকে উদ্ধার করে।শার্শা থানার ওসি এনামুল হক জানান, বিএনপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক ১৬ জনকে আসামি করে আজ শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন আবদুল হামিদের ভাই আবদুল খালেক। মামলার এজাহারভুক্ত মহির মোল্লা নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।ওসি এনামুল হক প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি পুলিশ সুপার দিদার আহম্মেদ ও সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।এ ব্যাপারে উপপরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি সাংসদকে বলেছি, জনপ্রতিনিধি হয়ে আপনারা একজন সরকারি পুলিশ কর্মকর্তাকে জামার কলার ধরে মারলে আমরা কাদের কাছে গিয়ে দাঁড়াব।’পুলিশ সুপার দিদার আহমেদ বলেন, ওসিকে লাঞ্ছিত করার ঘটনাটি তাঁকে জানানো হয়েছে। তিনি বিষয়টি ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান। এ ব্যাপারে সাংসদ শেখ আফিল উদ্দীন বলেন প্রথম আলোকে বলেন, ‘মারপিটের কোনো ঘটনা ঘটেনি। তবে আমি ওসিকে ডেকে শুধু বলেছি, আমাকে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের নামে মামলা দিলে কেন? আমাকে জানালে তো তোমাকে আরও বেশি সহযোগিতা করতে পারতাম।’ উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শনিবার রাতে শার্শার পারুইখুপি গ্রামে সন্ত্রাসীদের হাতে খুন হন আবদুল হামিদ।