যশোরে সেরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার, নিবন্ধন করা নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ও মোট পরীক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার দিক বিবেচনায় এবারই প্রথম এসএসসি পরীক্ষায় জেলাভিত্তিক সেরা দশ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় যশোর জেলায় শীর্ষে রয়েছে শহরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে নবম শ্রেণীতে ১১২ জন নিবন্ধন করে ৯৯ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দীন উচ্চবিদ্যালয় শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় হয়েছে। এ স্কুল থেকে নবম শ্রেণীতে ৭৬ জনের নিবন্ধন করে ৬৪ জন এবার পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। তৃতীয় অবস্থানে রয়েছে যশোর শহরের দাউদ পাবলিক স্কুল। এ স্কুল থেকে ৭৭ জন নিবন্ধন করে ৬৮ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।এ ছাড়া চতুর্থ সরকারি বালিকা বিদ্যালয়, পঞ্চম সরকারি জিলা স্কুল, ষষ্ঠ যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম মনিরামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, অষ্টম অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, নবম যশোর বিএএফ শাহিন কলেজ ও দশম স্থান অর্জন করেছে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়।সবচেয়ে খারাপ দশ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে: এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যেমন সেরা দশের তালিকা প্রকাশ করা হয়েছে, তেমনি খারাপের দিক থেকে সবচেয়ে খারাপ দশ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হবে। খারাপ ফলাফলের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের শোকজ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাস্তিস্বরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও স্থগিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম জানান, এ বোর্ডের অধীনে এ বছর একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। সে প্রতিষ্ঠানটি হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার নাঈসা মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এ বছর মাত্র চারজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। গত বছর এ বোর্ডে পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল তিনটি। তার আগের বছর ছিল চারটি। শূন্য শতাংশ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে এসেছে। তার পরও খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।