যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
যশোর ক্যান্টনমেন্ট-সংলগ্ন সানতলা এলাকার যশোর-ঝিনাইদহ মহাসড়কে ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই ওই ইঞ্জিনচালিত পরিবহনের যাত্রী। আজ রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন ওই পরিবহনের চালক যশোর শহরের ঘোপ বেলতলা এলাকার ওমর আলীর ছেলে রবিউল ইসলাম (৪২) ও বেজপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে মো. রানা (২৫)। একজনের পরিচয় এখনো জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত একটি পরিবহনের সঙ্গে ঝিনাইদহগামী সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই পরিবহনের চালক রবিউল নিহত এবং ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহত যাত্রীদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহযোগী পলাতক।