যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার যশোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। হরতালের সমর্থনে জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে শহরের দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গুপ্তহত্যা চলছে। নাজমুল হত্যাকাণ্ড তারই অংশ। পরিবার ও দলীয় নেতারা অপহরণের রাতেই র্যাব ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। যার জন্য সন্দেহ থেকে যাচ্ছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে র্যাব-পুলিশ জড়িত কি না। সমাবেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক বলেন, ‘১৯৭৪ সালে ৩০ হাজার উদীয়মান রাজনৈতিক কর্মীকে বেছে বেছে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ড আবারও শুরু হয়েছে।’ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কমিটির সম্মানিত সদস্য নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।মামলা হয়নি: লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাজমুলের মরদেহ ঢাকা থেকে যশোরে এসে পৌঁছায়। মরদেহ বিএনপির লালদীঘি পাড়ের কার্যালয়ে নিয়ে দলীয় পতাকায় মুড়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রাত আড়াইটার দিকে ঝিকরগাছা পৌর এলাকার কীর্তিপুরের নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয়। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বিএম হাইস্কুল মাঠে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।নিহত নাজমুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখনো মামলা করা হয়নি। ঢাকার মোহাম্মদপুর থানার সামনে থেকে নাজমুলকে অপহরণ করা হয়। এ কারণে ওই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরদিন লাশ উদ্ধার করা হয়েছে জয়দেবপুর থানা এলাকা থেকে। যার জন্য ওই থানার পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। কোন থানায় মামলা করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর জেলার দক্ষিণ শালনা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় নাজমুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।নাজমুল ইসলাম ঢাকার ধানমন্ডির ভাড়া বাসায় থাকতেন। কৃষিপণ্য আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।