যশোরে ১৬৯ জন দরিদ্রের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতি আর বাঁচা যায় না। পাতলা কাপড়-চোপড় গায়ে জড়ায়ে আগুনের কাছে বসে থাকতি অয়। কম্বলডা খুব কাজে দেবেনে।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন যশোরের বৃদ্ধ বাবুল গাজী। গত সোমবার দুপুরে যশোরের দুটি স্থানে মোট ১৬৯ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো যশোর কার্যালয় চত্বর ও সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার শহীদ সরণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ তারাপদ দাস, আবদুর রাজ্জাক, মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মেদ, প্রথম আলোর যশোর বন্ধুসভার উপদেষ্টা ইকবাল হোসেন প্রমুখ।ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। তহবিলে জমা পড়েছে এক লাখ ৬১ হাজার টাকা: প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সারা দেশে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকায় ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন ৬০০টি কম্বল, শিল্পী ৫৬টি সোয়েটার, ঢাকার সিএ ছাত্র পরিষদের সভাপতি মো. বারী ৩০টি সোয়েটার, মহাখালীর সুলতানা আহমেদ ৫০ হাজার টাকা, ইস্কাটনের তারিন আকতার ছয় হাজার টাকা জমা দিয়েছেন। এই তহবিলে চলতি মৌসুমে এ পর্যন্ত এক লাখ ৬১ হাজার টাকা জমা পড়েছে। খরচ হয়েছে এক লাখ ৬১ হাজার টাকা।