গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে দক্ষিণ শালনা সাকুরা এতিম খানার পাশ থেকে বিএনপির নেতা নাজমুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এদিকে আশুলিয়া থানার পূর্ব কলতাসুতি এলাকা থেকে আজ আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটির বুকে ছুরিকাঘাতের সাতটি চিহ্ন ছাড়াও গলায় জবাইয়ের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।নিহত নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি ছিলেন। গাজীপুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ১৭ ডিসেম্বর যশোরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া জেলা বিএনপির উদ্যোগে তিন দিনের শোক কর্মসূচিও ঘোষণা করা হয়।নাজমুলের পরিবার জানিয়েছে, গতকাল রাতে রাজধানীর মিরপুরে বিয়ের অনুষ্ঠানে থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে নাজমুল ধানমন্ডির নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তাঁকে অপহরণ করা হয়। নাজমুলের নিখোঁজ হওয়ার বিষয়ে রাতেই ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।নাজমুলের শ্যালক মেহেদি হাসান জানান, বিয়েবাড়ি থেকে ফেরার পথে নাজমুল বাঘারপাড়া বিএনপির সভাপতি টি এস আইয়ুবের সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময়ে তিনি ফোনে টি এইচ আইয়ুবকে জানিয়েছিলেন, তাঁকে অপহরণ করা হয়েছে। এরপর ফোনের লাইন কেটে যায়।এদিকে আশুলিয়া থানা সূত্র জানায়, সকালে উদ্ধার করা লাশটির পরনে ছিল একটি নীল রঙের জিনসের প্যান্ট, ব্লেজার ও কালো রঙের শার্ট। বয়স আনুমানিক ২৪ বছর। পুলিশ আরও জানায়, কলতাসুতিসহ আশপাশের এলাকার কয়েক হাজার লোক লাশ দেখলেও কেউ তাঁকে শনাক্ত করতে পারেনি। পরে অজ্ঞাত পরিচিত হিসেবেই লাশটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমান জানান, ছুরিকাঘাতের পর তাঁকে জবাই করে হত্যা করা হয়। তাঁকে অপহরণের পর কলতাসুতি এনে হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।