যশোরে ৫ কোটি টাকার সুইমিং পুল কাজে লাগছে না
বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোর শহরের আধুনিক সুইমিং পুল তিন মাস ধরে বন্ধ রয়েছে। চালু করা যাচ্ছে না সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প। ফলে অর্ধ শতাধিক সাঁতারু প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত ১৫ মে সুইমিং পুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১০ সালের জুন মাস পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ বিদ্যুতের বিল পরিশোধ করেনি। এর আগে ১৯৮৬ সালের জুন থেকে ২০০২ সালের জুন পর্যন্ত এক লাখ ৩৪ হাজার টাকা বিল বকেয়া থাকায় তখনো সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিদ্যুৎ বিল মওকুফের জন্য ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করে। তখন ক্রীড়া মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ের ফলে ২০০৪ সালের ১৯ জুলাই বিদ্যুৎ বিভাগ পুনরায় সংযোগ দেয়। এবারও বকেয়া বিল সমন্বয়ের জন্য গত ১ আগস্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানা গছে। এ ব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপডিকোর)-১ এর নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ উদ্দীন প্রথম আলোকে বলেন, একাধিকবার ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষকে বকেয়া বিল পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এ ব্যাপারে কোনো উৎসাহ দেখাননি। এ জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে চার কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক এ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা হয়। ২০০৮ সালের অক্টোবর মাসে নির্মাণকাজ শেষ হয়। এরপর থেকে এ পুলে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ কমপ্লেক্সের উদ্বোধন করা হয়নি। সুইমিং পুল কমপ্লেক্সের সভাপতি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের সংযোগ না থাকায় সুইমিং পুলের কার্যক্রম চালু করা যাচ্ছে না।’সংস্থার সাধারণ সম্পাদক শফিক উজজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সাঁতারের মৌসুম চলে। শীতের মৌসুমে পুলে সাঁতারের প্রশিক্ষণ ও অনুশীলন বন্ধ থাকে। ওই সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদনে আবাসিক (অফিস) ও সুইমিং পুলের গভীর নলকূপের লাইন আলাদা করার জন্যও অনুরোধ করা হয়। কিন্তু তারা সেটি না করে ভুতুড়ে বিল করেছে।’ওজোপডিকোর-১ এর নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ উদ্দীন ভুতুড়ে বিলের অভিযোগ অস্বীকার করে বলেন, কম্পিউটারের মাধ্যমে এখন বিল করা হয়। সেখানে ভুতুড়ে বিলের কোনো সুযোগ নেই।