যশোরে ৫০০ জনকে আসামি করে মামলা, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে হেফাজত ইসলামের মিছিলে গুলি-বোমা বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে দায়ের করা মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও খুনের অভিযোগ এনে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম মামলাটি করেন। এ ছাড়া ঘটনা তদন্তে গতকাল রাতেই যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে এক সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ জানান, আগামী শুক্রবার জুমার নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিহত মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল রাত ১০টার দিকে রেলস্টেশন মাদ্রাসায় যশোর ও খুলনা ওলামায়ে কেরামদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। প্রসঙ্গত, যশোর শহরে হেফাজত ইসলামের মিছিলে গতকাল গুলি ও বোমা বিস্ফোরণ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ। সে মনিরামপুর উপজেলার জামেয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসার এবতেদায়ির (পঞ্চম শ্রেণীর সমমান) ছাত্র। এ ছাড়া গুলি ও বোমার স্প্লিন্টারে পুলিশের পাঁচ সদস্য, পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়।