যা করার করতে হবে এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের কারণে আত্মহত্যার মিছিলটি কেবল দীর্ঘতর হচ্ছে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন থেকে শুরু করে সাধারণ চায়ের দোকানেও এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে—কীভাবে বন্ধ করা যায় এই ভয়াবহ সামাজিক বিপর্যয়।চারদিকে ইভ টিজিং প্রতিরোধের ডামাডোল দেখে আশা জাগে, একদিন হয়তো বন্ধ হবে এই ভয়ংকর সামাজিক ব্যাধি। কিন্তু তত দিনে মৃত্যুর মিছিলটি আরও দীর্ঘতর হয়ে যাবে। গত ১০ মাসে টিজিংয়ের কারণে আত্মহত্যা করেছে ২৬ জন কিশোরী ও একজন বাবা। (সূত্র: আইন ও সালিশ কেন্দ্র)ইভ টিজিং বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, গণমাধ্যমে সচেতনতা বাড়াতে হবে—সবই জরুরি। কিন্তু এই ব্যাধি থেকে রক্ষা পেতে যে মেয়েগুলো আত্মহত্যা করছে, তাদের রক্ষা করতে এই মুহূর্তেই কাজ শুরু করা প্রয়োজন। না হলে যত দিনে এই ব্যাধি দমন করা হবে, তত দিনে খালি হয়ে যাবে আরও অনেক মায়ের কোল।নির্যাতিত নারীরা সমাজ কর্তৃক আবার নির্যাতনের শিকার হয়। ২০০১ সালে ইভ টিজিংয়ের প্রতিবাদ জানাতে আত্মহত্যা করেছিলেন চারুকলার ছাত্রী সিমি। টিজিংয়ের শিকার হয়ে সমাজের রক্ষক পুলিশের কাছে বিচার চাইতে গেলে সিমিকেই খারাপ মেয়ে হিসেবে প্রমাণ করা হয়। মাথা উঁচু করে, শক্ত হয়ে প্রতিবাদ করতে গিয়ে দ্বিতীয়বার লাঞ্ছনার শিকার হয়েই সিমিকে বিদায় নিতে হয়েছে। (সূত্র: প্রথম আলো, ৯ জানুয়ারি ২০০২)সমাজ সিমির পাশে দাঁড়ায়নি। সিমির আত্মহত্যার পর কেটে গেছে বহু সময়। আরও অনেককে বেছে নিতে হয়েছে আত্মহত্যার পথ। সেসব আত্মহত্যার দায় আমাদের সবার। টিজিংয়ের শিকার মেয়েগুলোর পাশে এসে দাঁড়াতে হবে পরিবার, সমাজ তথা সমগ্র জাতিকে। যে মেয়েটি টিজিংয়ের শিকার হয়েছে, তার পরিবার যেন নিগৃহীত না হয়, সে নিশ্চয়তা সমাজকেই দিতে হবে। সমাজের কাছ থেকে দ্বিতীয়বার লাঞ্ছনার শিকার হবে না—এমন নিশ্চয়তা পেলে লাঞ্ছিত মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেবে না।জন্মের পর থেকে জেনে না-জেনে আমাদের পরিবার ও সমাজ মেয়েদের শিক্ষা দেয় মাথা নিচু করে থাকতে, সাহসহীন হতে, পুরুষনামের ত্রাণকর্তার ওপর নির্ভরশীল হতে।শৈশবে শোনা রূপকথার গল্প বা ঘুমপাড়ানি গানে বলা হয়, ঘোড়ায় চড়ে রাজকুমার রাক্ষসপুরী থেকে এসে রক্ষা করবে রাজকুমারীকে। গণমাধ্যমগুলো এখনো অনেক নাটকে, গানে, সংলাপে, বিনোদনে শেখায়—নারী তুমি অসহায়, পুরুষই তোমার ত্রাণকর্তা। গৎবাঁধা বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রে যতটা প্রকাশ্যে গুন্ডাদের হাত থেকে নায়িকাকে উদ্ধার করতে দেখানো হয়, অন্য মাধ্যমগুলোতে ততটা প্রকাশ্যে না দেখালেও সব বক্তব্যের মূল কথা হয়ে দাঁড়ায়—নারী অসহায়। তাই তো ঘূর্ণিঝড় বা কোনো বড় দুর্ঘটনায় নারীর আর্তনাদের ছবিই আমরা দেখি। এখনো বেশ কিছু বিজ্ঞাপন নারীকে আরেক ধাপ এগিয়ে নিজেদের স্বার্থে উপস্থাপন করে নরম-কোমল হিসেবে।তিল তিল করে জেন্ডার অসংবেদনশীলতার যে বীজ মেয়েদের রক্তে বুনে দেওয়া হয়েছে, তা থেকে এত সহজে কীভাবে বের হবে মেয়েগুলো? তাই ইভ টিজিং নামের অপরাধের প্রতিবাদের শক্তি পায় না মেয়েরা। রুখে দাঁড়ানোর কথা ভুলে যায়। তারপর সমাজের কাছ থেকে আরেকবার লাঞ্ছনার শিকার হতে হবে—এই ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।ইভ টিজিং বন্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিন্তু মেয়েগুলোকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে ওদের মাথা উঁচু করে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দিতে হবে।সমাজ যদি টিজিংয়ের শিকার মেয়েগুলো বা পরিবারগুলোকে দ্বিতীয়বার লাঞ্ছিত না করে, ইভ টিজিং যারা করছে, তাদের এবং তাদের পরিবারকে নিগৃহীত করে, তাহলে আজ থেকেই বন্ধ করা সম্ভব ইভ টিজিংয়ের কারণে আত্মহত্যার ঘটনা।আর পরবর্তী প্রজন্মকে সাহস নিয়ে মাথা উঁচু করে বেড়ে উঠতে সাহায্য করার জন্য পরিবার ও সমাজকে জেন্ডার সংবেদনশীল হতে হবে, পাশাপাশি গণমাধ্যমগুলোতে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। আর এ পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনই।