যা চেয়েছি যা পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ভূখণ্ডে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত, তা তো পরিষ্কারভাবে দৃশ্যমান টলেমির মানচিত্রে। টলেমির মানচিত্রে বা মহাকবি ভার্জিলের কাব্যে যে গঙ্গাঋদ্ধি রাষ্ট্রের কথা উল্লেখ রয়েছে, সেই রাষ্ট্রের সাক্ষাৎ উত্তরাধিকারী বর্তমান বাংলাদেশ। সেকান্দার শাহের রণক্লান্ত, ছিন্নবস্ত্র ও গৃহাতুর সেনারা ‘প্রাশিয়’র পূর্বে অবস্থিত বিশাল হস্তিবাহিনীর পরাক্রান্ত শক্তি গঙ্গাঋদ্ধি রাষ্ট্রের কথা শুনে পূর্বাভিযানে অসম্মতি জানাল। বলিকৃত পশুর অন্ত্রাদি পরীক্ষা করে অশুভ ভেবে সেকান্দার শাহ দক্ষিণে গৃহাভিমুখে সিন্ধু নদে ভাসমান হলেন। ওই গঙ্গাঋদ্ধির রাষ্ট্রীয়-সীমানা বহুবার পরিবর্তিত হয়েছে। আর্য, মৌর্য, চোল, চালুক্য, তিব্বতি, তুরস্ক, পাঠান, মোগল, মগ, অহোম, পর্তুগিজ, ইংরেজ, দিনেমার, ফরাসি, ওলন্দাজ নানা জাতের লোক এ দেশের মাটি কামড়ে পড়ে থাকে; কেউ বেশি সময় ধরে, কেউ কম। তবে সবাই অবশেষে স্বগৃহে প্রত্যাবর্তন করেছে। আর্য, মৌর্য, গুপ্ত, তুরস্ক, পাঠান, মোগল ও ইংরেজ সাম্রাজ্যে বাংলাদেশ ছিল এক প্রত্যন্ত প্রদেশ। এ দেশের লোক নিজেদের দেশকে কোনো দিন প্রদেশ বলে অভিহিত করেনি। এ দেশের জনগণ ভিন্ন দেশের কর্তৃত্বাধীন হয়েও একটা দুর্মর প্রাদেশিক মানসিকতায় এক ঊর্ধ্বপাতন-প্রক্রিয়ায় নিজেদের দেশকে বাংলাদেশ বলে অভিহিত করে এসেছে।স্বাধীন সত্তায় সার্বভৌম রাষ্ট্রের উত্থানকাল এ ভূখণ্ডে তুলনামূলকভাবে স্বল্পকালের। পাল সাম্রাজ্যের উত্থান বরেন্দ্রভূমিতে ঘটলেও তা উত্তরাপথের আকর্ষণে আর্যাবর্তের রাজনীতিতে আবর্তিত হয়। ১৩৩৮ থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ইতিহাসকে আমরা মোটামুটিভাবে স্বাধীন সুলতানি আমল বলে থাকি।একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের পরিধি, গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে আমাদের অপরিচয় বহু দিনের। স্বাধীন রাষ্ট্রসমূহের রাষ্ট্রাচরণ আমাদের বহু দিন অনুশীলন করতে হয়নি। স্বাধীনতা লাভের প্রায় ৪০ বছর পরও স্বাধীন রাষ্ট্রের নানা নিত্যনৈমিত্তিক কর্তব্য সম্বন্ধে আমরা তাই এখনো অনবধান।কর্তব্যের যথার্থ তাগিদ ও আশুদায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকলে আমরা আমাদের দেশের মহীসোপান, সমুদ্রসীমা ও স্থলসীমা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এখনো অচিহ্নিত রাখতাম না। ক্ষমতাসীন হওয়ার উদগ্র কামনায় আমরা সার্বভৌম রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব খেয়াল করিনি।১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সাত-আট বছরের মাথায় যে পাকিস্তান নামের রাষ্ট্র অর্জিত হয়, তার পেছনে তেমন কোনো প্রস্তুতি বা অনুশীলন ছিল না। স্বাধীনতার প্রাক্কালে আমাদের মানসিক প্রস্তুতির তেমন কোনো অনুশীলন ছিল না। ছয় দফা থেকে পূর্ণ স্বাধীনতা সে এক বিরাট উল্লম্ফন প্রক্রিয়া। তারপর নয় মাসে বিজয় অর্জিত হয়ে আমরা যুদ্ধবিধ্বস্ত দেশ, অর্থনীতি ও স্বাধীন দেশের অনুপযোগী এক প্রশাসন পেয়ে নানা ধরনের অব্যবস্থার সম্মুখীন হলাম। নতুন দেশ গড়ার সব উদ্ভট চিন্তাধারা আমাদের মাতিয়ে রাখল।গতকালের মুক্তিযোদ্ধাকে আমরা শত্রু বিবেচনা করলাম এবং শত্রুকে মিত্র বলে আলিঙ্গন করলাম। স্বপ্নের সংবিধান ক্ষতবিক্ষত হলো। আইনশৃঙ্খলার নামে যে কত নরহত্যা হলো, তার তো লেখাজোখা নেই। গত চার দশকের বহুলাংশে এ দেশ পরিচালিত হয়েছে লাগাতার আইনের লঙ্ঘনে। নির্বাসিত এবং পুনঃপুন লঙ্ঘিত আইনের শাসনের পুনর্বাসন এক দুরূহ ব্যাপার। যুদ্ধাপরাধের সুষ্ঠু বিচার হোক নব-উদ্যোগে আমাদের প্রথম পদক্ষেপ। সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে: (১) সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। (২) সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ববোধ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সরকারি দলের প্রতি আনুগত্য পোষণ করার কোনো বিশেষ দায়িত্ব নেই প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর। দিনবদলের অঙ্গীকার নিয়ে দলবদলের খপ্পরে পড়লে সরকারি কর্মচারীর অকাল-অধঃপতনের আশঙ্কা থাকে।আমাদের নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, বিশেষ করে ছাত্র বা যুবসমাজকে কোনো শিক্ষা দেওয়া হয় না। যুবসমাজ ও ছাত্রদের নাগরিক কর্তব্য সম্পর্কে মোদ্দা কথার কিছু সবক দেওয়া জরুরি হয়ে পড়েছে।গত চার দশকে আমাদের বহু প্রত্যাশা ভূলুণ্ঠিত হয়েছে। এ দেশে ত্যাগ ও অর্জনের এত অতিরঞ্জন ও বাক্যাস্ফালন যে ভালো কথাও বিশ্বাসযোগ্যতা হারায়। আমাদের অনেক সমস্যা আমাদের সৃষ্ট নয়। স্বাধীনতার অব্যবহিত পরই ওপেকের পেট্রোলিয়ামজাত মূল্যবৃদ্ধি আমাদের অর্থনীতিকে তছনছ করে দেয়।আমাদের দেশের জনসংখ্যার চাপের চেয়ে শ্রম-সংস্থাপনের চাপ অনেক বেশি। শ্রমজীবীদের হাত আমরা কীভাবে আরও দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত করতে পারি, সে ব্যাপারে আমাদের অধিকতর মনোযোগী হতে হবে। গত দুই দশকে কম্পিউটার, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও মুঠোফোনের মাধ্যমে দেশে দেশে মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটেছে। কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রক্রিয়ায় সঞ্জাতকরণ এবং তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ মানবসম্পদ তৈরি ও সেবা রপ্তানি করে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে প্রশিক্ষণপ্রাপ্ত জনসম্পদ রপ্তানি করে আমরা উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারি।কৃষি ও জলসম্পদের ক্ষেত্রে সংস্কার ও ব্যবস্থাপনার উন্নতি করতে না পারলে বর্তমানের প্রায়-প্রান্তিক অবস্থা স্থায়ী হয়ে যাবে। এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান বৈষম্য সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে। আশু সমাধানের জন্য ধর্মীয় সন্ত্রাসে অসহিষ্ণু তরুণদের আকৃষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। আমাদের দেশে গ্রাম ও কৃষি উভয়ই অবহেলিত। মোট বিদ্যুতের ৫০ শতাংশের ওপর কেবল ঢাকা মহানগরেই ব্যয় হয়। এর ওপর ব্যবসায়ীদের আবদার, বিপণিবিতানগুলোতে আরও কয়েক ঘণ্টা আলোর ব্যবস্থা করা হোক। আমাদের দেশে মঙ্গলকর বিধিনিষেধ কেউ মানতে চায় না।আমাদের অর্থনীতির বেশ কয়টি বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি, জ্বালানির মূল্যসমন্বয়, মুদ্রানীতি ও আর্থিক নীতির সমন্বয়, খেলাপি ঋণ, বৈদেশিক বিনিয়োগ থেকে উদ্ভূত পরিস্থিতি, অবকাঠামোর উন্নয়ন এবং সৃজনশীলতার অবক্ষয়। আমাদের সংবিধান সম্পর্কে একটা সমালোচনা প্রায়ই শোনা যায়। এটা একটা অনুকৃত/অনুবাদিত কর্মকাণ্ড। আমাদের সংবিধানে দক্ষিণ এশিয়ার অন্যান্য সংবিধানের সঙ্গে সাদৃশ্য থাকলেও এর একটা বড় অহংকার এই যে এটি আমাদের আত্মশাসনের প্রথম বাংলা দলিল। জন্মের সময় এ সংবিধানে যে নিষ্কলুষতা ছিল, কালক্রমে তা দুষ্ট হয়ে ওঠে। মূল সংবিধানে এক অনিন্দনীয় সারল্যে আমরা জরুরি অবস্থা বা নিবর্তনমূলক বিধানের কোনো বিধি রাখিনি। আদর্শের বয়ান ছিল অতিরিক্ত। অতি আদর্শের সীমাবদ্ধতায় কোনো জাতি তার ভবিষ্যৎকে আটকে দিতে পারে না। ৩০ বছর পর আমাদের সংবিধান রচিত হলে তার চেহারা ভিন্নই হতো। সম্পূর্ণ নতুন সংবিধান রচনার স্বর্ণসুযোগ ছিল ১৯৯০ সালে। ক্ষমতায় যাওয়ার জন্য এবং কঠিন শ্রম পরিহার করার জন্য আমরা জোড়াতালি দিয়ে সোলে-মুহুরির মুসাবিদায় স্বৈরশাসনের অবসান ঘটাই। আমাদের এ এমন দেশ, যেখানে একক এক ব্যক্তির জন্য সংবিধান সংশোধিত হয়েছে তিন-তিনবার। যে-স্রোতে আমরা একবার পা ফেলি, সেই স্রোতে আর সেই পা ফেলা যায় না। বাহাত্তরের সংবিধানে প্রত্যাবর্তন করার কথা কর্মবিমুখ বাকসর্বস্ব বাঙালির বড় চিন্তা। ফরাসিরা ছয়-ছয়বার সংবিধান বদলে একধরনের স্থিতি লাভ করেছে। আইন না মেনে কেবল আইন বানিয়ে বা রায়ের ঘোষণা দিয়ে সাংবিধানিক জটিলতা কাটানো যায় না। আমাদের দেশের নির্বিশেষে সব আইনমন্ত্রীর মুখে একটা কথা আমরা শুনে আসছি—আইন নিজের গতিতে চলবে। আইন যেন টাট্টুঘোড়া, আরোহী ঘুমিয়ে পড়লেও সে নির্দিষ্ট গন্তব্যে অভ্রান্তভাবে পৌঁছে যাবে। গত চার দশকে আমাদের অপ্রত্যাশিত প্রাপ্তির বহর বিরাট। সর্বস্তরে দুর্নীতির প্রসার, প্রশাসনের দক্ষতার ক্রমাবনতি, আইনশৃঙ্খলায় অরাজকতা এবং সর্বোপরি শিক্ষাঙ্গনে ছাত্র-সন্ত্রাস। যে দেশে অশিক্ষিত চাষাভুষো ঘরে জায়গির রেখে শিক্ষার পিদিম জ্বালিয়ে রেখেছিল, সেখানে ছাত্র নামের সেই ব্যক্তিকে তারা বাবা-মা, অভিভাবক, প্রতিবেশী, সমাজপতি, নেতৃবৃন্দ—সবাই আপদ হিসেবে পরিহার করতে চায়; কেউ স্নেহ করতে চায় না, পরামর্শ দিতে চায় না। আমাদের কণ্টকাকীর্ণ শিক্ষাঙ্গনে যুগপৎ বিস্ময়কর অরাজকতা ও স্থবিরতা বিরাজ করছে। আমাদের প্রত্যাশা, দেশে শিক্ষাক্ষেত্রে যে সীমিত সংস্কার করা হয়েছে, তা সফল হোক। আমাদের দেশে একই ধরনের শিক্ষাব্যবস্থার প্রচলন যে কী কঠিন, তা আমরা ইতিমধ্যে হাড়ে হাড়ে বুঝেছি।আমরা অনেক কাজ, সাংবিধানিক কাজ অনারদ্ধ রেখেছি। প্রজাতন্ত্রের সূচনালগ্ন থেকে আমরা স্থানীয় সরকারকে অবহেলা করে আসছি। নির্বাচিত সরকারের চেয়ে স্বৈর-সরকার নিজেদের সমর্থকের সন্ধানে কখনোসখনো স্থানীয় সরকার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। যে স্থানীয় সরকারের সফল অভিজ্ঞতায় দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ গড়ে উঠবে, তার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। আমাদের প্রত্যাশা, অনারদ্ধ কাজ হাতে নেওয়া হোক। স্থানীয় সরকার সম্পর্কে দোলাচলতা পরিহার করে আমরা সংবিধানমুখী হই এবং তৃতীয় শ্রেণীর চাতুর্য পরিহার করি।গণতন্ত্রের নামাবলি বুকে লিখে কেমন করে নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, আমাদের কোনো সাংবাদিক বন্ধু নিবিড় গবেষণা করে আমাদের সামনে সেই হূদয়বিদারক ঘটনাটির সব কথা উদ্ঘাটন করলেন না। সে কোন ব্যক্তি এবং কার হুকুম পেয়ে কে গুলি করেছিলেন? আমাদের দেশে দোষ স্বীকার করার ঐতিহ্য নেই। আল্লাহর কাছে তওবা করা অনেক বেশি সহজ, হয়তো অধিকতর স্বস্তিদায়ক।পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল। মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকানদের ভূমি সংস্কার ২০০ বছরেও কাঙ্ক্ষিত ফল দেয়নি। তবে শুরু করতে হবে। কঠিন সমস্যার মোকাবিলায় গবেষণার প্রয়োজন রয়েছে। সমাজবিজ্ঞানী ও নৃতত্ত্ববিদদের সাহায্য নিয়ে নির্ব্যূঢ় স্বত্বে আদর্শে প্রাণিত ভূমি আইনের সংস্কার করতে হবে। সন্দেহ নেই এ এক কঠিন কাজ। আর এক ঝঞ্ঝাট শত্রুসম্পত্তি। এ সমস্যাও আমাদের সমাজের পরতে পরতে নানা অপ্রতিকার্য সংকটের সৃষ্টি করেছে।সম্প্রতি পোশাককর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির ক্ষেত্রে যে গড়িমসি দেখা গেল এবং আইনি অজুহাত প্রদর্শন করা হলো, তা অতীব গর্হিত ব্যাপার। আর ব্যাপারটা ঘটল দুই প্রধান ধর্মীয় সম্প্রদায়ের পর্বের মৌসুমে। আমরা সমর্থন আদায়ে যেকোনো গোষ্ঠীর কাছে নতি স্বীকার করতে রাজি। আমরা প্রভাবগোষ্ঠীর চাপে আচ্ছন্ন হলে বিপদের আশঙ্কা বাড়বে বই কমবে না।দেশের সংসদ লোকের প্রত্যাশা অনুযায়ী চলছে না। যেকোনো দলেরই হোক, বিরোধী দলের নাখরা সহসা দূরীভূত হবে না। সদস্যতা হারানোর ভয় ছাড়া অন্য কোনো প্রণোদনায় বিরোধী দলকে আগে সংসদে আনা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও তার কোনো সম্ভাবনা নেই। আজ সারা পৃথিবীতে নির্বাচিত ব্যক্তিরা যেভাবে আত্মস্বার্থ প্রসারণে ব্যস্ত, তাতে গ্রিক রাজনীতিশাস্ত্রবিদেরা গণতন্ত্রবিরোধী যেসব কথা বলেছিলেন, তা সত্য বলে মনে হয়। বর্তমানে মানববুদ্ধির কল্পনায় এখন পর্যন্ত অন্য কোনো বিকল্প মানুষকে আকর্ষণ করতে পারছে না। ঝামেলা এই, দুষ্ট গণতন্ত্রকে আমাদের সংশোধন করে সহনীয় করে তুলতে হবে। এ ব্যাপারে ন্যূনতম প্রত্যাশা ও এক নিরন্তর প্রয়াসের অঙ্গীকার করে আমাদের প্রস্তুত থাকতে হবে।গত চার দশকে স্বাধীন দেশে আমাদের জীবনে বড় মর্মন্তুদ ঘটনা ঘটেছে। যাঁর নামে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং একাত্তরে মুক্তিযুদ্ধ সরকারের যাঁরা আমাদের দেখভাল করেছেন, তাঁদের সবার করুন মৃত্যু হয়। বড় মর্মন্তুদ অপ্রত্যাশিত ঘটনা বটে। অপ্রত্যাশিতভাবে মুক্তিযুদ্ধের একাধিক বীর উত্তমসহ বহু বীর যোদ্ধা অপঘাতে প্রাণ হারিয়েছেন।প্রত্যাশিতভাবে দেশে চলমানতা বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য বিমোচন এগিয়েছে, জন্মহার হ্রাস পেয়েছে এবং শিক্ষার হার ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। অপ্রত্যাশিতভাবে আমাদের কৃষির উন্নতি ঘটেছে, দেশ খাদ্যে প্রায় স্বয়ম্ভর হয়েছে। অপ্রত্যাশিতভাবে গত তিন দশকে প্রবাসী এবং পোশাকশ্রমিকদের বদৌলতে আমরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জন করছি না, সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধির হার গড়পড়তা ৫ শতাংশ হারে স্থিতি লাভ করেছে। অপ্রত্যাশিতভাবে দেশে নতুন বীজ, সার ও সেচের ফলে নতুন কৃষিপণ্য ও অর্থকরী পণ্যের চাষ হচ্ছে। আমরা ফুলের চাষ করছি, ফুল রপ্তানি করছি। আমরা নতুন নতুন জমিতে সয়াবিন, রবার, চা, কমলা, স্ট্রবেরির চাষ করছি। অপ্রত্যাশিতভাবে আমরা ওষুধশিল্পে দক্ষতা অর্জন করেছি। আমরা এখন এক বড় ওষুধ রপ্তানিকারক দেশ। অপ্রত্যাশিতভাবে আমরা জাহাজ নির্মাণ ও সরবরাহের অর্ডার পাচ্ছি। অপ্রত্যাশিতভাবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে আমাদের জওয়ানেরা প্রশংসনীয় কাজ করেছেন এবং নিজেদেরকে ধনার্জনে সমৃদ্ধ করার সুযোগের সদ্ব্যবহার করেছেন।প্রত্যাশিতভাবে পৃথিবীর জাহাজভাঙাসহ নানাবিধ নোংরা কাজ করে আমরা বেশ বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। প্রত্যাশিতভাবে ধনবৈষম্য হ্রাস পায়নি। অপ্রত্যাশিতভাবে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যাশিতভাবে আমাদের প্রশাসন দক্ষ ও প্রভাবমুক্ত হয়নি। প্রত্যাশিতভাবে শান্তিশৃঙ্খলার উন্নতি ঘটেনি। অপ্রত্যাশিতভাবে দেশে বন্দুকযুদ্ধে বা কাউন্টারে সন্দেহভাজন ব্যক্তিরা বিনা বিচারে প্রাণ হারিয়েছে। অপ্রত্যাশিতভাবে আমরা আমাদের সংবিধান বারবার কাটাছেঁড়া করেছি। সংবিধানের দুর্বলতম অঙ্গ বিচার বিভাগের বিধানগুলো আমরা বহুবার রদবদল করেছি। প্রত্যাশিতভাবে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে বহুদিন ধরে প্রয়োজনীয় স্বাতন্ত্র্য দান করিনি। প্রত্যাশিতভাবে আমরা সংবিধানে একটা রাষ্ট্র পরিচিতির বিধান হিসেবে রাষ্ট্রভাষার উল্লেখ করলেও ভাষার ব্যবহার, উন্নতি ও সম্প্রসারণে দৃষ্টি দেওয়ার সময় পাইনি। ক্ষমতার লড়াইয়ে তো বহু সময় অপচয় হয়েছে। ক্ষমতার লড়াইয়ে পালাবদল ঘটেছে, অবস্থার পরিবর্তন তেমন ঘটেনি। ভালো কথা, বহু প্রতিবন্ধকতা কাটিয়ে দেশে সর্বোচ্চ আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। আমাদের একটি কলঙ্কমোচন হয়েছে। বিচারবহির্ভূত হত্যায় দায়মুক্তির বিধান প্রণয়ন করে আমরা আমাদের আইন-সংহিতায় যে স্থায়ী কলঙ্ক ক্ষোদিত করেছি তা মোচনীয় নয়। তবে নাগরিকের জীবন, মর্যাদা ও অধিকার সংরক্ষণে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সেই হতাশাব্যঞ্জক কলঙ্ককে মোচনের দিকে সে হবে আমাদের এক দৃঢ় পদক্ষেপ। ২১ মার্চ ২০০৮ সেক্টর কমান্ডারস ফোরামের জাতীয় সম্মেলনে আমি প্রধান অতিথির বক্তব্যের উপসংহারে যে কথাগুলো বলি, তা পুনর্ব্যক্ত করতে চাই: ‘বিনা কারণে অভিযুক্তকে শাস্তি দিলে দেশে অরাজকতা বৃদ্ধি পাবে। এ ব্যাপারে বিচারের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকের অধিকার প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা খর্ব বা হরণ করব না। বিচারের প্রশ্নটি অনির্দিষ্টকালের জন্য টেনে নিয়ে গেলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমরা এমন সুষ্ঠুভাবে বিচার করব যাতে ভবিষ্যতে এই দৃষ্টান্ত অনুসরণ করতে পারি। বিদেশে তুলনীয় অবস্থায় বিচার করতে গিয়ে যেন বিদেশীরাও আমাদের দৃষ্টান্ত অনুসরণ করতে পারে। বিচারপ্রার্থীরা অপরাধের বিচার চান। মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত হোক।’স্বাধীনতার কথা চিন্তা করতে আমরা কল্পনায়ও ভাবিনি দেশে সামরিক শাসন প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠিত থাকবে। সামরিক শাসন সুদীর্ঘ ও নৃশংস হলেও মানুষের সহজাত সৎচেতনাকে ধ্বংস করতে পারে না। পাবলো নেরুদার দেশ সামরিক শাসনপীড়িত চিলিতে যেভাবে খনিতে আটকে পড়া মানুষকে মুক্ত করা হলো, তা মানুষের মনে শুধু যে সাহস জোগায় তা নয়, মানুষকে তা উচ্চাভিলাষে প্রত্যাশী করে তোলে।একটা স্বাধীন দেশের প্রত্যাশা-প্রাপ্তির পালা একটা চলমান প্রবাহ। আমরা অনেক দেখেছি, অনেক পেয়েছি, অনেক হারিয়েছি। আগামীতে প্রাপ্তির কোঠায় আমাদের ধানের মতো ধন হোক এবং দূর্বার মতো শ্রীবৃদ্ধি সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক। মুহাম্মদ হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি