যা পাওয়া, যা চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ আগে আজকের এই দিনে স্বপ্নের মাঝেও স্বপ্ন খুঁজে পেয়েছিল বাংলাদেশের ক্রিকেট। আগের দিন টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশের। অভিষেক টেস্ট খেলতে নেমে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে যেন নিজেদের ছাড়িয়ে যাচ্ছিলেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে প্রথম দিনেই বাংলাদেশ করে ফেলল ৬ উইকেটে ২৩৯ রান। আজকের দিনে ৪০০ রানে যখন বাংলাদেশের প্রথম ইনিংস থামল, তখন স্বপ্ন আরও অনেক বড় আকারে রূপ নিয়েছিল। এক যুগ আগের সেই দৃশ্যগুলো আজও কোটি বাঙালির মনের ফটোফ্রেমে বন্দী হয়ে আছে। চোখ বুজলেই যখন দৃশ্যগুলো ভেসে ওঠে, তখন বিশ্বাস করা খুবই কঠিন যে আমরা টেস্ট ক্রিকেটে এক যুগ পার করে ফেললাম।যাঁরা পরিসংখ্যান নিয়ে ভাবেন, তাঁদের কাছে এটি খুব বেশি অবাক করার না হলেও যাঁরা খেলা দেখেন শুধু মনের আনন্দে, তাঁদের কাছে বিষয়টি রীতিমতো শিহরণ জাগানোর মতো। জাগানোটাই স্বাভাবিক। ক্রিকেট মহাকাল কিংবা মহাকালের অন্তহীন সময়ের ফিতের কাছে এক যুগ বা ১২ বছর তেমন কিছুই নয়। কিন্তু একবার ভাবুন, এক যুগ তো কম সময়ও নয়। সেই এক যুগ কেটে গেল যেন চোখের পলকে। আজ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় যুগের প্রথম দিন!‘টেস্ট ক্রিকেটে এক যুগ’ সত্যিকার অর্থে উত্থাপনের কোনো উপলক্ষ নয় ঠিক, কিন্তু প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরণ তো মেলানো যেতেই পারে। এক যুগে বাংলাদেশের ৭৩ টেস্টের তিনটিতে জয়, সাতটিতে ড্র আর ৬৩ ম্যাচে পরাজয় শুধুই হাহাকার তৈরি করে। আপেক্ষিক অর্থে আমরা সাফল্য-ব্যর্থতা বলতে জয়-পরাজয়ের হিসাবকেই বুঝি। কিন্তু অন্য দৃষ্টিতে দেখলে এই এক যুগে ক্রিকেট বোর্ডের আর্থিক স্বয়ংসম্পূর্ণতা আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধিই বোধ হয় বড় প্রাপ্তি। আর অপ্রাপ্তির সবচেয়ে বড় জায়গা দুর্বল ঘরোয়া ক্রিকেট-কাঠামো।২০০০ সালের ২৬ জুন আইসিসির সভায় বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদান করাটাকে আজও অনেক ক্রিকেটবোদ্ধা অবিচক্ষণ সিদ্ধান্ত বলেই মানেন। ওয়ানডে মর্যাদা লাভের পর নয় মাসের মাথায় বাংলাদেশ যখন টেস্ট মর্যাদা লাভের জন্য আইসিসির কাছে আবেদন করে, তখনো এ দেশে প্রথম শ্রেণীর ক্রিকেট চালু হয়নি। আইসিসির বেঁধে দেওয়া শর্তের কারণে ২০০০ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। এত কম অভিজ্ঞতা নিয়ে টেস্ট ক্রিকেটের কঠিন জগতে পা রাখাটা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জের ছিল, তা সহজেই অনুমান করা যায়। এক যুগ পর দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটের কঠিন জগতে হাঁটাহাঁটি করতে পারাটাকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মানা যেত। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা তো সেখানে হোঁচট খাচ্ছে নিয়মিত। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে মাঠে নামার আগে আমরা ছিলাম অপ্রস্তুত, এক যুগ পর যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছি, তখনো যেন দল অপ্রস্তুত। দলের অনেক ক্রিকেটার জাতীয় লিগে মাঠে নামার আগ পর্যন্ত আট-নয় মাস দীর্ঘ পরিসরের ক্রিকেটের বাইরে ছিল। এটি যেন আমাদের ক্রিকেট-কাঠামোর বিকলাঙ্গতার বহিঃপ্রকাশ। সেই সঙ্গে এটি ইঙ্গিত দেয়, আমরা আসলে কোন জায়গাটায় পিছিয়ে।টেস্ট ক্রিকেটে এক যুগ পার করার পর একটা প্রশ্ন কিন্তু রাখা যেতে পারে আমাদের ক্রিকেট প্রশাসকদের কাছে। সেটি টেস্ট মর্যাদা লাভের পর আমরা কি সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেছিলাম? ঠিক করে থাকলে কী ছিল সেই লক্ষ্য? নাকি আমরা কেবল টেস্ট খেলুড়ে দেশ হওয়ার আবেগ-আনন্দে ভেসে ভেসেই এক যুগ পার করে দিলাম? সুনির্দিষ্ট কোনো লক্ষ্য থাকলে অন্তত তিনটি জয়ের বিপরীতে ৬৩টি পরাজয়ের হাহাকারে পুড়তে হতো না। এক যুগ পর দাঁড়িয়ে আমাদের কী করা প্রয়োজন, তা নিশ্চয়ই অনুধাবন করছেন আমাদের ক্রিকেটকর্তারা (নিশ্চিত কি না অবশ্য বলা কঠিন)। তাঁদের কাছে সাধারণ দর্শকদের চাওয়া বাংলাদেশের ক্রিকেটকে পরিপূর্ণতা প্রদান। এক যুগ পর এমন একটি সকাল আবার আসবে। তখন পত্রিকার পাতায় দুই যুগের সালতামামিতে অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তির পরিমাণই বেশি দেখতে চাইবে সবাই। টেস্ট ক্রিকেটে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা লাভের পাশাপাশি শক্তিশালী ঘরোয়া অবকাঠামো তৈরির দাবি এ দেশের সাধারণ ক্রিকেট-অনুরাগীদের। সাতটি বিভাগে যেন গড়ে ওঠে সাতটি শক্তিশালী ক্রীড়া সংস্থা। বিভাগ থেকে শুরু করে ক্রিকেটের জোয়ার বয়ে যাক জেলা পর্যায়ে। এমন হলে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য আপনাআপনিই ধরা দেবে।