স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী
যা বলার সংসদে এসে বলুন, মানুষ হত্যা বন্ধ করুন
বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যা বলার সংসদে এসে বলুন। আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার বন্ধ করুন। বোমাবাজি বা অশান্তি সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না।শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধী ও আল-বদরদের নিয়ে উনি মাঠে নেমেছেন। তিনি জনগণকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা করা হবে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন—এর জবাবে শেখ হাসিনা বলেন, ২০০১ সালে নির্বাচনের আগেও তিনি এমন কথা বলেছেন। শেখ হাসিনা বলেন, এটা তার অভ্যাস। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর দেশে লুটপাট, জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। উনি যে উন্নয়নের কথা বলেছেন, জনগণ সে উন্নয়ন দেখতে চায় না। খালেদা জিয়ার কথায় মানুষ যেন বিভ্রান্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।