যাঁদের ছায়ায় খুদে গণিতবিদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর পাঁচটায় ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে জুবায়ের হামিদ আসিফ। এত ভোরে ওঠার কথা নয়। তার পরও উঠেছে। নিজে উঠেই ক্ষান্ত হয়নি। মাকেও উঠিয়েছে, ‘মা, ওঠো, আজকে গণিত উত্সব। দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো।’ছেলের গণিত উত্সবের প্রতি উত্সাহের কথা এভাবেই তুলে ধরলেন আসমা হক। ছেলেকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে অপেক্ষা করছেন তিনি। সেন্ট যোসেফ স্কুলের মাঠে অপেক্ষমাণ অসংখ্য অভিভাবক। ছেলে বা মেয়ে এ মুহূর্তে অঙ্ক পরীক্ষায় মগ্ন। ছেলেমেয়েরা ভীত না হলেও চিন্তিত বাবা-মা। ভাবলাম, এই তো সুযোগ। জেনে নেওয়া যাক কেমন লাগছে এই গণিত উত্সব। সানবিমসের পঞ্চম শ্রেণীর ছাত্র মীর তাফহীম রাইয়ান দীপ্র। সঙ্গে এসেছেন মা রাফিয়া ইসলাম। তিনি বলেন, ‘সবার সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছে আমার ছেলেটা। দেশাত্মবোধ অনুভব করছে। প্রতিটি পর্বকে গঠনমূলকভাবে ঘটতে দেখছে। এই একটি দিনের কথা অনেক দিন মনে থাকবে তার।’ সিলেট থেকে এসেছেন মো. মুজিবুর রহমান। ভেতরে প্রাইমারি পর্যায়ে পরীক্ষা দিচ্ছে মেয়ে নিশাত সালমাবিল সুমাইয়া রহমান। জানতে চাইলাম তাঁর কাছে। কী লাভ এত দূর থেকে এসে এ রকম উত্সবে যোগ দেওয়ার? স্মিত হেসে বললেন, ‘এতে যে প্রতিভার বিকাশ হচ্ছে। তাদের মধ্যেও যে কিছু আছে, এ কথা চিন্তা করতে পারছে। তা ছাড়া অঙ্কের প্রতি যে ভয়ভীতি ছিল সেটাও দূর হয়ে গেছে।’‘এ উত্সবে যোগ দেওয়াটা এখন অনেকটা নেশার মতো হয়ে গেছে। বইয়ের গত্বাঁধা ধারা থেকে বের হয়ে কিছু করতে পারছে তারা।’ বলছিলেন মরিয়ম খান। ছেলে মো. রাফিদউল ইসলাম দ্বিতীয়বারের মতো এ উত্সবে যোগ দিচ্ছে। এ বছর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র সে। গত বছর নর্থবেঙ্গল থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল ইনাম মেসবাহ্ নূর। এ বছরও এসেছে গণিত উত্সবের এ অঙ্গনে। বাবা মো. রওশন আলী বলেন, ‘গ্রামাঞ্চলে মেধা সীমিত হয়ে থাকে। এখানে এসেই মেধাটা প্রসারিত হয়।’ এক জায়গায় জটলা হয়ে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু অভিভাবক। সবাই ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্রছাত্রীর মা অথবা বাবা। এ বছর স্কুলটি থেকে ৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে গণিত উত্সবে। কাছে গিয়ে জিজ্ঞেস করাটাই শুধু বাকি ছিল। সবাই একসঙ্গে বলতে লাগলেন গণিত উত্সব ঘিরে তাঁদের চিন্তাধারা।কেবি হাইস্কুলের নবম-দশম শ্রেণীর অঙ্কের শিক্ষক দিলরুবা বেগম। কিন্তু আজ একজন অভিভাবকও। ছেলে মুফরাত করিম অরিত্র প্রাইমারি পর্যায়ের পরীক্ষার্থী। তিনি পরীক্ষার্থীদের সুবিধার্থে কোচিংয়ের কথাটা তুলে ধরলেন। ঢাকার মতো ময়মনসিংহেও দরকার গণিত ক্লাব। এ ক্ষেত্রে প্রথম আলোর সহায়তা দরকার। গণিত পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই সন্তোষ কুমার দাস জানালেন, গত কয়েক বছরের অঙ্কের নমুনাগুলো সংগ্রহ করার ব্যবস্থা থাকলে ভালো হতো। কী ধরনের প্রশ্ন হবে, জানতে পারলে আরও নিশ্চিন্ত মনে ছেলেমেয়েগুলো অঙ্কের সঙ্গে লড়তে পারত।চমত্কৃত হলাম একটি খবর শুনে। যশোরের বিএএফ শাহীন কলেজের অঙ্কের জ্যেষ্ঠ শিক্ষক মো. রাকিবুল হাসান খবরটি দিলেন। শুধু গণিত উত্সব সামনে রেখেই এ স্কুলে খোলা হয়েছে ‘ত্রিভুজ ম্যাথ ক্লাব’। উদ্দেশ্য গণিতের ভীতি কাটিয়ে তোলা। পাশাপাশি পরের বার ১০টি মেডেল চান আঞ্চলিক পর্যায়ে। জাতীয় পর্যায়ে পাঁচটি এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্তত একটি। পিন্টু চাকমা ও দীপ্তনা চাকমা এসেছেন মেয়ে একিন চাকমাকে নিয়ে। কী লাভ এখানে এসে? বুদ্ধি বাড়ে। ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে এটিই সহায়তা করবে—স্মিত হেসে বললেন পিন্টু চাকমা। গণিত উত্সব প্রতিবছরই হচ্ছে। এ বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ের পরীক্ষাটি হয়েছে। পুরো দেশ থেকে গণিতপ্রেমীরা জড়ো হয়েছিল পরীক্ষার্থী রূপে। আশা-নিরাশা, ভালো লাগা-মন্দ লাগার মধ্য দিয়ে পার করেছে উত্সব। সব ভিন্নমতের মধ্যেও কিছু ছিল একই মতামত। গতানুগতিক ধারার বাইরে এটি সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি গণিতের প্রতি ভালোবাসাও বাড়াচ্ছে।