যাঁদের ঝুলিতে ১৬ পুরস্কার
‘সংগীতের একজন নগণ্য সাধক আমি। আজীবন সংগীতের পেছনে ছুটেছি। এই পুরস্কারে আমি অভিভূত। নজরুলের গান সংরক্ষণে সারা জীবন কাজ করে যাব।’এই প্রতিক্রিয়া মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়া প্রখ্যাত শিল্পী সুধীন দাশের। নজরুলের গানের অন্যতম স্বরলিপিকার হিসেবেই সবার কাছে পরিচিত, সম্মানিত তিনি।গতকাল শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে গুণী এই শিল্পীর হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হয়। এর আগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সুধীন দাশকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। মিলনায়তনভর্তি দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে সুধীন দাশকে সম্মান জানান। তাঁর হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।তিন ঘণ্টার মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে একই মঞ্চে দাঁড়ালেন চলচ্চিত্র, টেলিভিশন, সংগীতসহ বিনোদনজগতের তারকারা। চিত্রপরিচালক, চিত্রনাট্যকারও হলেন সম্মানিত। তাঁরা আড্ডা দিলেন, কথা বললেন, এক উৎসবমুখর পরিবেশে পুরস্কার দিলেন, নিলেন।আজীবন সম্মাননা ছাড়া ২০০৯ সালের পাঠকদের সরাসরি ভোটে তারকা জরিপ, জুরি বোর্ডের রায়ে টিভি সমালোচক ও চলচ্চিত্র সমালোচক—এই তিনটি বিভাগে ১৫টি পুরস্কার দেওয়া হয়েছে।আজীবন সম্মাননা পদকের পরেই তারকা জরিপ পুরস্কার। উপস্থাপক মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী সুরকার আলম খান ও কণ্ঠশিল্পী রুনা লায়লাকে মঞ্চে ডাকেন। তাঁরা তারকা জরিপে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) হাবিব ওয়াহিদের হাতে। জনপ্রিয় এই শিল্পী তাঁর ‘বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না’ গানটির জন্য মনোনয়ন পেয়েছিলেন। হাবিব পুরস্কার হাতে নিয়ে যাঁরা তাঁকে ভোট দিয়েছেন তাঁদের স্মরণ করেন।হাবিবের সুর করা ওই গানের জন্য সেরা কণ্ঠশিল্পী নারী শাখায় পুরস্কার পেয়েছেন হালের আরেক আলোচিত শিল্পী ন্যান্সি। বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী তাঁর হাতে পুরস্কার তুলে দেন। প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত ন্যান্সি মায়ের কথা স্মরণ করেন।পুরুষদের মধ্যে টিভির সেরা অভিনয়শিল্পী হয়েছেন হাউসফুল নাটকের জন্য মোশাররফ করিম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মাহফুজ আহমেদ ও অপি করিম।টিভির সেরা নারী অভিনয়শিল্পী জয়া আহসানের হাতে পুরস্কার তুলে দেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। জয়া মনোনয়ন পেয়েছিলেন তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে নাটকের জন্য। চলচ্চিত্র বিভাগে সেরা শিল্পীকে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। তাঁরা পুরস্কার তুলে দেন চলচ্চিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীর হাতে। মনপুরা ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন চঞ্চল। সুবর্ণার অনুরোধে চঞ্চল ‘নিধুয়া পাথারে’ গানের একটি লাইন গেয়ে শোনান।চলচ্চিত্রের সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন শাবনূর। বলবো কথা বাসর ঘরে চলচ্চিত্রের জন্য মনোনীত এই শিল্পী জানালেন, এ পর্যন্ত ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার জিতে নিয়েছেন তিনি। সমালোচকের দৃষ্টিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফরিদুর রেজা সাগরের হাতে এই পুরস্কার তুলে দেন মাসুদ আলী খান ও দিলারা জামান। প্রতিক্রিয়ায় ফরিদুর রেজা সাগর ভালো ছবি বানাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এই তালিকায় সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।মনপুরা চলচ্চিত্রের জন্য মামুনুর রশীদ সেরা পুরুষ অভিনেতার পুরস্কার পেয়েছেন। একই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর জন্য তপু। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সারাহ্ বেগম কবরী ও ফারুক। চলচ্চিত্রের সেরা নারী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার হাতে পুরস্কার তুলে দিয়েছেন আলমগীর ও রোজিনা। তিশা মনোনয়ন পেয়েছিলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির জন্য। চলচ্চিত্র সমালোচক পুরস্কারের বিচারক ছিলেন মুর্তজা বশীর, অনুপম হায়াত্, শহিদুল ইসলাম, শামীম আকতার এবং এ কে এম জাকারিয়া।সমালোচকদের রায়ে সেরা টিভি নির্দেশকের পুরস্কার পেয়েছেন নুরুল আলম আতিক। বিকল পাখির গান নাটকের জন্য তিনি মনোনীত হন। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন জাদুশিল্পী দম্পতি জুয়েল আইচ ও বিপাশা আইচ। একই নাটকের জন্য তিনি সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পান। এই পুরস্কার তুলে দেন শহীদুজ্জামান সেলিম ও চিত্রনায়িকা দিতি। সমালোচকদের রায়ে টিভির সেরা পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু পাঞ্জাবীওয়ালা নাটকে অভিনয়ের জন্য। পুরস্কার তুলে দেন আল মনসুর ও মিতা চৌধুরী। এই শাখায় নারী বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন বিকল পাখির গান নাটকের জন্য নওহা মুনির দিহান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আজিজুল হাকিম ও আফসানা মিমি। টিভি সমালোচক পুরস্কারের বিচারক ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম, আলতাফ হোসেন, মিতা চৌধুরী, জাহিদুর রহিম ও সাজ্জাদ শরিফ।