যাঁদের হারিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসন এইচ চৌধুরীবিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী গত ৫ জানুয়ারি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ই এইচ চৌধুরী ও মা লতিফা চৌধুরী। তাঁর স্ত্রী অনিতা চৌধুরী। বর্ণিল কর্মময় জীবনের অধিকারী স্যামসন চৌধুরী দেশের শিল্পোদ্যোক্তাদের অন্যতম অগ্রপথিক। ১৯৫৮ সালে স্কয়ার ফার্মা প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর পথচলা শুরু হয়। মৃত্যুকালে তিনি ২১টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে চেয়ারম্যান ছিলেন। তিনি ডেইলি স্টার এবং ডিএইচএল প্রদত্ত বিজনেসম্যান অব দ্য ইয়ারসহ (২০০০) অসংখ্য পুরস্কার পেয়েছেন। তিনি তিন ছেলের জনক—তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী ও স্বপন চৌধুরী। তাঁরা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত।সিদ্দিকা কবীরপুষ্টিবিদ অধ্যাপক সিদ্দিকা কবীর গত ৩১ জানুয়ারি স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।সিদ্দিকা কবীর ১৯৩১ সালের ৭ মে ঢাকার মকিম বাজারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বছর ইডেন মহিলা কলেজে গণিতের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬১ সালে ফোর্ড ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ঢাকার গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ে ১৯৬৩ সালে প্রভাষক পদে যোগ দেন। তিনি রান্নাবিষয়ক অনেক বই লিখেছেন। হুমায়ুন ফরীদিচলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।হুমায়ুন ফরীদি ঢাকার নারিন্দায় ২৯ মে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন। তাঁর বাবা এ টি এম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।হুমায়ুন ফরীদি ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্যোৎসবের অন্যতম সংগঠক। ১৯৯০ সালে তিনি চলচ্চিত্রজগতে প্রবেশ করেন। তিনি ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।ফয়েজ আহমেদসাংবাদিক ফয়েজ আহমেদ গত ২০ ফেব্রুয়ারি ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯২৮ সালের ২ মে বিক্রমপুরের কানাইভোগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৫০ সালে হুল্লোড়, ১৯৭১ সালে স্বরাজ পত্রিকার সম্পাদক এবং স্বাধীনতার পর বাংলাদেশে সংবাদ সংস্থার প্রথম সম্পাদকের দায়িত্ব পালন করেন।ভাষা আন্দোলনেও ফয়েজ আহমেদ অংশ নিয়েছিলেন। কর্মজীবনে তিনি ইত্তেফাক, সংবাদ, আজাদ ও পূর্বদেশ পত্রিকার প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে তাঁর হাত ধরেই পিকিং রেডিওর বাংলা অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়। ছড়াকার হিসেবেও তিনি ছিলেন অগ্রগণ্য। পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার। তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ দেওয়া হয় বাংলাদেশ মেডিকেল কলেজে।সফিউদ্দীন আহমেদশিল্পগুরু সফিউদ্দীন আহমেদ গত ১৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১৯২২ সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের স্ট্রোল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা লাভ করেন। ১৯৪৫ সালে কলকাতা একাডেমি অব ফাইন আর্ট প্রদত্ত একাডেমি প্রেসিডেন্ট পদক, ১৯৪৭ সালে ভারতের পাটনার শিল্পকলা পরিষদ প্রদত্ত ‘দারভাঙ্গা মহায়াজার স্বর্ণপদক’, ১৯৬৩ সালে চারুকলায় অবদানের জন্য পাকিস্তান সরকার কর্তৃক ‘প্রেসিডেন্ট পদক’, ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত ‘একুশে পদক’, ১৯৯৬ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন।১৯৪৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সফিউদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।মাজহারুল ইসলামস্থপতি মাজহারুল ইসলাম গত ১৫ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪২ সালে বিজ্ঞানে, ’৪৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলবিদ্যায় ও ’৫২ সালে যুক্তরাষ্ট্রের ওরেগন বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর ডিজাইন করা ভবনের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা ভবন, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।হুমায়ূন আহমেদবাংলা সাহিত্যের কিংবদন্তিসম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ পুলিশের কর্মকর্তা। মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হুমায়ূন আহমেদ পাঠ শেষ করে ওই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি শেষ করেন। ১৯৭২ সালে তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয়। তাঁর উপন্যাসের সংখ্যা দুই শতাধিক। নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। তিনি একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার লাভ করেন।শাফায়াত জামিলকর্নেল (অব.) শাফায়াত জামিল বীর বিক্রম গত ১১ আগস্ট রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ১৯৪০ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। বাবা এ এইচ করিমুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ১৯৭১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাসদস্যদের নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। আটক করেন পাকিস্তানি ব্যাটালিয়ন কমান্ডারকে। ১০ অক্টোবর পর্যন্ত জেড ফোর্সের অধীনে ১১ নম্বর সেক্টরে বিভিন্ন অভিযানে অংশ নেন। স্বাধীনতার পর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং বীর বিক্রম উপাধিতে ভূষিত হন। ১৯৭৪ সালে তিনি ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার নিযুক্ত হন।শাফায়াত জামিল ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনা অভ্যুত্থানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে সহায়তা করেন। পরে ৭ নভেম্বর আরেক অভ্যুত্থানে খালেদ-শাফায়াতের প্রচেষ্টা ব্যর্থ হয়। খালেদ মোশাররফ গ্রেপ্তার হন। কর্নেল জামিলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ১৯৭৬ সালের ৭ মার্চ ছাড়া পাওয়ার পর পরই সেনাবাহিনী থেকে তাঁকে বরখাস্ত করা হয়।সুভাষ দত্তবিশিষ্ট চলচ্চিত্র-ব্যক্তিত্ব সুভাষ দত্ত গত ১৬ নভেম্বর বার্ধক্যজনিত রোগে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে সিনেমায় পোস্টার আঁকতেন। তারপর চলচ্চিত্রে অভিনয় এবং চলচ্চিত্র নির্মাণ—প্রতিটি ক্ষেত্রেই ছিল তাঁর সৃজনশীল কর্মের ঈর্ষণীয় সাফল্য।১৯৬৪ সালে সুভাষ দত্তের প্রথম চলচ্চিত্র সুতরাং মুক্তি পায়। ’৬৫ সালে ফ্রাংকফুর্ট চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হয়। এরপর একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননাসহ অনেক পুরস্কার পান।সুভাষ দত্তের নির্মিত চলচ্চিত্রের মধ্যে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, কাগজের নৌকা ও বসুন্ধরা উল্লেখযোগ্য।খান সরওয়ার মুরশিদশিক্ষাবিদ খান সরওয়ার মুরশিদ ৮ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।সরওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাস করার পর এই বিভাগেই যোগ দেন প্রভাষক হিসেবে। নিজের সম্পাদনায় প্রকাশ করেন নিউ ভ্যাল্যুজ।১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৫-৬৭ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের অন্যতম নীতিনির্ধারক ছিলেন।সরওয়ার মুরশিদ নাগরিক সমাজের পক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যোগ দেন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শহীদজননী জাহানারা ইমাম যে গণতদন্ত কমিশন গঠন করেছিলেন, তিনি তাঁর সদস্য ছিলেন।২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সরওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর একমাত্র রচিত বই কালের কথা। তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ আরও কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।সোহরাব হোসেননজরুলসংগীতের কিংবদন্তি সোহরাব হোসেন ২৭ ডিসেম্বর বার্ধক্যজনিত রোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১৯২২ সালের ৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার আয়েশাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়সে রানাঘাটের এক আসরে তিনি প্রথম নজরুলসংগীত শোনেন। এর পর থেকে আমৃত্যু তিনি নজরুলের গানের সঙ্গে নিজেকে অবিচ্ছিন্ন রেখেছিলেন। তিনি জয়নুল আবেদীন, কিরণ চন্দ্র দে চৌধুরী, পূরবী দত্তের কাছে সংগীতশিক্ষা নেন।১৯৪৬ সাল থেকে তিনি এইচএমভি ও রেডিওতে যুক্ত হন। ভারত ভাগের পর ১৯৪৭ সালে তিনি ঢাকায় আসেন। এরপর সরকারি তথ্য বিভাগে কাজে যোগ দেন। তিনি বুলবুল ললিতকলা একাডেমি, ছায়ানট, শিল্পকলা একাডেমী ও নজরুল একাডেমিতে শিক্ষকতা করেছেন। কাজ করেছেন নজরুলসংগীত প্রমাণীকরণ পরিষদ ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে। তিনি বিভিন্ন চলচ্চিত্রেও গান করেছেন।সোহরাব হোসেন রাষ্ট্রীয় স্বাধীনতা পদক, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা, নজরুল একাডেমি পদক পেয়েছেন। গ্রন্থনা: সুচিত্রা সরকার