যাঁর কারণে তোলপাড় তাঁর কী হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর আগের ঘটনা। ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে খাতুনগঞ্জের আছাদগঞ্জের ইসলাম কলোনিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন খুদে ব্যবসায়ী কালা মিয়ার ছেলে আবু তাহের। এ নিয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়।অভিযোগ আছে, মামলার কোনো কূলকিনারা করতে না পেরে পুলিশ একটি মহলের যোগসাজশে এটিকে হত্যা মামলা বলে তদন্ত শুরু করে। থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান এ মামলায় খাতুনগঞ্জের ব্রোকার (পণ্য বেচাকেনার মধ্যস্থতাকারী) সিদ্দিক আহমদসহ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম গ্রেপ্তার হন সিদ্দিক। এক মাস ১৯ দিন জেল খেটে তিনি জামিনে বের হয়ে আসেন। এর মধ্যে মামলাটি জজ আদালতে বিচারের জন্য প্রস্তুত হয়। কিন্তু বিচার শুরুর আগেই মামলাটি স্থানান্তরিত হয় ওই সময়ের সামরিক আদালতে। এরপর সিদ্দিক আহমদ গা-ঢাকা দেন। তাঁর অনুপস্থিতিতে আদালত তাঁকেসহ তিন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, নগদ এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন। এরপর টানা ২১ বছর সিদ্দিক আহমদের কেটেছে ফেরারি জীবন।ওপরের তথ্যগুলো জানা গেছে সিদ্দিক আহমদের সঙ্গে কথা বলে। আত্মহত্যার ঘটনা কীভাবে হত্যা মামলা হলো, সে বিষয়ে কোতোয়ালি থানায় খোঁজ নিয়ে কোনো তথ্য মেলেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, ২৫ বছর আগের এ ঘটনা সম্পর্কে তাঁদের কাছে কোনো নথি বা তথ্য নেই। জানা যায়, ২০০৬ সালের ২ জুলাই পটিয়া থানার পুলিশ বাথুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফেরারি আসামি সিদ্দিককে আবার গ্রেপ্তার করে জেলে পুরে। চট্টগ্রাম ও কুমিল্লার কারাগারে তাঁর বন্দীজীবন কাটে তিন বছর ছয় মাস। এই মামলার সূত্র ধরে আইনজীবীরা সংবিধানের সপ্তম সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে আদালত সিদ্দিক আহমদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। গত ২৯ এপ্রিল তিনি জেল থেকে দ্বিতীয় দফায় মুক্ত হন। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাইকোর্ট সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দেন। এই রায়ে সারা দেশে তোলপাড় হলেও সিদ্দিকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাতিল হয়নি।এই রায়ের খবর কীভাবে পেলেন, জানতে চাইলে সিদ্দিক আহমদ বলেন, শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে তিনি রায়ের খবর পান। তিনি বলেন, ‘এই রায়টি যে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ, সাংবাদিকেরা তা আমাকে বুঝিয়েছেন। কিন্তু আমার উৎকণ্ঠা, আমার কী হবে। আমার সাজা তো বাতিল হয়নি।’ সিদ্দিকের মামলা পরিচালনা করেন হাসান এম এস আজীম। তিনি এখন দেশের বাইরে। তাঁকে সহায়তাকারী আইনজীবী মীর্জা আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সাজা মওকুফের জন্য আমাদের মক্কেলকে এখন আপিল বিভাগে যেতে হবে। হাইকোর্ট আমাদের সেই নির্দেশনা দিয়েছেন।’গতকাল শনিবার দুপুরে খাতুনগঞ্জের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ে দুই ঘণ্টা কথা হয় সিদ্দিক আহমদের (৬৫) সঙ্গে। ২৬ বছর আগে এখানেই ছিল তাঁর কর্মক্ষেত্র। পাঁচ-ছয় বছর ধরে ব্রোকারির কাজ করে তিনি পটিয়ায় সংসার চালাতেন। আয়-রোজগার তখন ভালোই ছিল।প্রথম আলোকে সিদ্দিক আহমদ বলেন, ‘বিপদে পড়ার (মামলায় জড়ানোর) সময় আমি খাতুনগঞ্জে গুঁড়ো দুধ, পুরোনো কাপড় বেচাকেনার ব্রোকারির কাজ করতাম। মামলা আমার সব শেষ করে দিল। ফেরারি জীবনে মাজারে মাজারে ঘুরে আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি নির্দোষ, তুমি আমাকে রক্ষা করো।’ দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘জানি না আল্লাহ আমার দোয়া কবুল করেছেন কি না। শুনতেছি আমাকে আবারও আদালতে হাজির হতে হবে। জানি না এবার কী হবে!’অতীতের স্মৃতি রোমন্থন করে সিদ্দিক আহমদ বলেন, ‘আমি আসাদগঞ্জের ইসলাম কলোনিতে থাকতাম ঠিকই। কিন্তু যেদিন আবু তাহের ফাঁঁসি খায়, সেদিন সকালে আমি কাজে চলে যাই। দুপুরে খেতে এসে দেখি কলোনিতে জটলা, পুলিশ এসেছে। স্পষ্ট মনে আছে, বিকেলের দিকে পুলিশ যখন লাশ নিয়ে গেল, তখন আরও কয়েকজনের সঙ্গে আমিও থানায় গিয়েছিলাম। এ ঘটনার মাস দু-এক পর আবার পুলিশ আসে কলোনিতে। আমাকে ডেকে নিয়ে বলে, “তিনজন যে তাহেরকে খুন করেছে, তা তুমি আদালতে গিয়ে বলবা। আমরা তোমাকে রাজসাক্ষী করব। তোমার কোনো ক্ষতি হবে না।” আমি রাজি না হওয়ায় তারা প্রথমে আমাকে থানায় নিয়ে যায়। পরে আদালতে চালান দেয়। সেই প্রথম আমি জীবনে গ্রেপ্তার হই।’সিদ্দিক বলেন, ‘জামিনে ছাড়া পেলেও মামলার কী হচ্ছে তার খোঁজখবর নিতাম। এক দিন আদালত ভবনে গিয়ে জানলাম, আমার মামলাটি মার্শাল ল কোর্টে গেছে। সেখানের বিচারে আমার যাবজ্জীবন সাজা হয়েছে। তারপর কাউকে কিছু না বলে আত্মগোপনে চলে যাই। গ্রাম ও অন্যান্য জায়গায় ঘুরে বেড়ালেও শহরে আর আসিনি। গ্রামে ছেলেমেয়েদের পড়ায়ে সামান্য যা আয় হতো, তা দিয়ে সংসার চালাতাম। তবে চলাফেরা করতাম সতর্কতার সঙ্গে। ২০০৬ সালে শেষবার গ্রেপ্তার হই গ্রাম থেকে।’সিদ্দিক আহমদ বলেন, ‘দ্বিতীয়বার গ্রেপ্তার হলে জামিন নেওয়ার মতো আর্থিক সংগতি আমার ছিল না। তখন আমার দুই স্ত্রী বাড়ির পাশের এক ধনাঢ্য ব্যক্তির মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করায় তাঁদের মন গলেছে। মামলার টাকা-পয়সা যা দরকার সব তাঁরাই দিয়েছেন। শুনেছি গ্রেপ্তার হওয়া থেকে মুক্তি পাওয়া পর্যন্ত উকিল-মুক্তার-আইন-আদালত করতে দুই-আড়াই লাখ টাকা খরচ হয়েছে। সব তাঁরাই দিয়েছেন।’সিদ্দিক আহমদের দুই স্ত্রী হাজেরা বেগম (৫০) ও তরিকা বেগম (২৫)। সিদ্দিক জানান, পলাতক জীবনে স্বামীর দুঃখকষ্ট দেখে তাঁর প্রথম স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৯৯৮ সালে প্রথম স্ত্রীকে দেখাশুনা করার জন্য দ্বিতীয় বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে জন্ম নিলেও মারা যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে ছয় বছরের একটি কন্যা আছে।