যাঁরা পড়েছেন
সাংবাদিকমুক্তিযুদ্ধে নারীর সংগ্রামকেই বড় করে তুলে ধরা হয়েছে শাহীন আখতারের তালাশ উপন্যাসটিতে। তাঁরা যে দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তা সত্যিকারভাবে উপলব্ধি করা যায় বইটি পড়লে। আমার পড়ে তাই মনে হয়েছে। এ উপন্যাসের প্রধান চরিত্র মরিয়ম। যে বীরাঙ্গনা হয়েও প্রবল মানসিক শক্তির পরিচয় দিয়েছে। মুক্তিযুদ্ধে যখন তার ওপর পাশবিক অত্যাচার চলে, তার জীবনের চরম দুঃসময়েও সে শুধু বাঁচার স্বপ্ন দেখত। মরিয়মের একটি উক্তিতে বলা ছিল, ‘সে সময়েও কখনো আমি আত্মহত্যার কথা ভাবতাম না। শুধু বাঁচতে চেয়েছি।’ আমার মনে হয়, এ সময়ের মেয়েদের এ বইটি পড়া উচিত। তাহলে মেয়েদের আত্মহত্যা করার প্রবণতা কমে যেত। কত উদ্যম থাকলে একজন মানুষ সেই ভয়াবহ বিধ্বস্ত অবস্থার মধ্যেও নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতে পারে। এটি পড়ে সেই উদ্যমের খোঁজ পেয়েছি। যুদ্ধ-পরবর্তী সময়ে মরিয়ম আত্মহত্যা করার কথা একবার ভেবেছিল। কারণ, তাকে সেই সময়কার সমাজ গ্রহণ করতে পারেনি। বীরাঙ্গনাদের মেনে নেওয়ার মতো সাহসিকতার পরিচয় দেয়নি। তখনকার সমাজ ও তার বাস্তবিক রূপটাও ভালোভাবে তুলে ধরা হয়েছে। এখানে নারীর ভূমিকার বিবরণ ও বর্ণনা ভিন্নধর্মী। যার কারণে একে অনেক জীবনঘনিষ্ঠ মনে হয়েছে। তালাশ-এর মতো আরও মুক্তিযুদ্ধের বই লেখা উচিত। সে সব হতে হবে আরও নান্দনিক, বহুমাত্রিক ও শিল্পিত। সেই সুযোগ আমাদের আছে। সেটি কাজে লাগাতে হবে। স্বাধীন দেশে এমন স্বপ্ন সবাইকে দেখতে হবে।তানজিনা হোসেনচিকিৎসকবইটি অনেক আগে পড়েছিলাম। দুটি বিষয় খুব ভালো লেগেছে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক এমনকি সাহিত্য-উপন্যাসে নারীর ভূমিকাকে অনেক সময় স্থূলভাবে উপস্থাপন হতে দেখা গেছে। কিন্তু শাহীন আখতারের তালাশ বইয়ে তা সূক্ষ্ম ও গভীরভাবে উঠে এসেছে। মুক্তিযুদ্ধে নারীর যে অসামান্য অবদান ছিল, তা নতুনভাবে তুলে এনেছেন তিনি। শাহীন আখতার একজন শক্তিশালী লেখক। তালাশ-এর মাধ্যমে এটি আরেকবার প্রমাণ করেছেন। আরেকটি বিষয় লক্ষণীয় ছিল। এখানে সাধারণ মানুষের অসাধারণ কাজ। অর্থাৎ মুক্তিযোদ্ধারা সাধারণ রক্ত-মাংসের দোষগুণসমৃদ্ধ মানুষ ছিলেন। এখানে শাহীন আখতার কোনো কল্পনার আশ্রয় নেননি। মানুষের বাস্তবিক রূপটাই ফুটে উঠেছে। এটি যে অনেক গবেষণা করে গভীরভাবে লেখা হয়েছে, তা পড়লেই বোঝা যায়। আমার মনে হয়, এমন ধরনের বই আরও লেখা উচিত। নারীর ভূমিকাকে স্থূলভাবে উপস্থাপন না করে সেই বাস্তবিক রূপটা তুলে ধরতে হবে। তাহলে তালাশ-এর মতো আরও ভালো উপন্যাস আমরা পড়তে পারব। সবাই জানতে পারবে সত্যিটা সম্পর্কে।