যাঁরা বিদেশি ভাষা জানেন না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্শনিক, বিজ্ঞানী ও রাষ্ট্রনায়ক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন (১৭০৬-১৭৯০) বলেছেন, যাঁরা বিদেশি ভাষার কিছুই জানেন না, তাঁরা নিজের ভাষারও কিছু জানেন না।বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কতটা ভ্রান্ত, বলা মুশকিল; তবে বেশ খানিকটা যে সঠিক, তাতে সন্দেহ নেই। সন্দেহ থাকলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে বিদেশি ভাষা শেখানোর জন্য একটার পর একটা বই লিখতেন না। এই সময়টা নৌকাডুবি কিংবা শেষের কবিতার মতো আরও দুটি উপন্যাস, একরাত্রি কিংবা স্ত্রীর পত্রর মতো আরও কটি গল্প, আরও কিছু কবিতা ও গীতিনাট্য, আরও কিছু প্রেম ও পূজাপর্বের গান স্বচ্ছন্দ্যেই রচনা করতে পারতেন।বিদেশি ভাষা শিক্ষাকে রবীন্দ্রনাথ বিশেষরকম গুরুত্ব দিয়েছেন। ইংরেজি সোপান প্রথম খণ্ড (১৯০৪)-এর ভূমিকাটিকে ‘বিশেষ দ্রষ্টব্য’ শিরোনামে অভিহিত করে তাতে লিখেছেন তাঁর গ্রন্থ রচনার উদ্দেশ্য ছাত্ররা যখন অক্ষর পরিচয়ে প্রবৃত্ত, তখনই যেন ইংরেজি ভাষার সঙ্গে তাদের সম্যক পরিচয় ঘটে—এটা ভাষা শিক্ষার ড্রিল। রবীন্দ্রনাথ প্রক্রিয়াটিকে সহজ ও শিক্ষক-শিক্ষার্থীবান্ধব করে প্রণয়ন করেছেন এবং বলেছেন, ‘ইংরাজি বই পড়িতে আরম্ভ করিবার পূর্ব্বেই এই সহজ উপায়ে বিস্তর ইংরাজি শব্দ তাহাদের কর্ণে ও তাহার অর্থ তাহাদের মনে অভ্যস্ত হইয়া যাইবে।’তারপর একে একে প্রকাশিত হয় ইংরেজি সোপান দ্বিতীয় খণ্ড (১৯০৬), ইংরেজি শ্রুতিশিক্ষা (১৯০৯), ইংরেজি সহজ শিক্ষা প্রথম ও দ্বিতীয় খণ্ড (পৌষ ও চৈত্র ১৩৩৬ বঙ্গাব্দ), অনুবাদ-চর্চ্চা (১৯১৭) এবং ইংরাজি পাঠ (১৯০৯)। তিনি বিশেষ জোর দিয়েছেন অনুবাদের ওপর, ‘আমার বিশ্বাস যদি যথোচিত অধ্যবসায়ের সঙ্গে অন্তত দুই বৎসরকাল এই অনুবাদ প্রত্যনুবাদের পন্থা ধরে ভাষা ব্যবহারের অভ্যাস ঘটানো যায় তাহলে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই দখল জন্মানো সহজ হবে।’রবীন্দ্রনাথ তাঁর ভাষা শিক্ষার ড্রিল-এ অনুবাদের জন্য নির্ধারিত একটি অনুচ্ছেদে মনের কথাটিতে ডারউইনের অনুরণন ঘটিয়েছেন: জীবনসংগ্রামে গত কল্য যেমন যোগ্যতমরাই টিকিয়াছিল, আগামী কল্যও ঠিক সেই রূপ ঘটিবে; কিন্তু অতীতকালে স্বার্থরক্ষাই যেমন যোগ্যতার পরিমাপক ছিল, ভবিষ্যতে সেই রূপ প্রেমের বিস্তৃতি ও গভীরতা দ্বারাই উদ্বর্ত্তনের মূল্যনির্দ্ধারণ হইবে।যোগ্যতম হিসেবে টিকে থাকতে নিজেকে ‘আপগ্রেড’ করতে হবে এবং নিজস্ব সীমান্তের বাইরে নিজেকে অধিকতর গ্রহণযোগ্য করে তুলতে হবে। একটা সময় ছিল যখন বাংলার গ্রামগুলো চার্লস মেটকাফের ভাষায় স্বয়ংসম্পূর্ণ ‘লিটল রিপাবলিক’ বা ক্ষুদ্র প্রজাতন্ত্র হয়ে উঠেছিল। তখন বাংলার মানুষের হয়তো সীমান্ত অতিক্রম না করলে চলত। রবীন্দ্রনাথ ভালোই জানতেন বিশ্বসভ্যতা ও সংস্কৃতি থেকে গা বাঁচিয়ে থাকা লাভজনক হবে না, ‘এক্ষণে পৃথিবীতে মানবজাতির অনবচ্ছিন্ন জীবন-ধারণের জন্য ভিন্ন ভিন্ন গোত্র ও Nation-এর পরস্পরের মধ্যে আরও অনেক অধিক সহকারিতার প্রয়োজন হইয়াছে। এক্ষণে এবং চিরকালই যে সকল ব্যক্তি বা জনসংঘ ক্রমবিকাশের অনুসারে মহা পুরোযাত্রার সময়ে না চলিবে তাহাদের ভাগ্যে বিনাশ রহিয়াছে।’অনুবাদ-চর্চ্চা গ্রন্থের অপর একটি অনুচ্ছেদে রবীন্দ্রনাথ বলেছেন, ‘ভাষা মনুষ্যজাতির কেবল মিলন সাধক নহে, ইহা পরম বিভাগকারীও বটে।’ ধর্ম ও জাতির বাধা ভাঙার চেয়ে অনেক বেশি কঠিন ভাষায় ব্যবধান ঘোচানো।বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্নতার গ্লানি কাটিয়ে উঠতে ভাষার বিকল্প নেই। ফরাসির মতো সংস্কৃতিঋদ্ধ ভাষা, জার্মান ও স্প্যানিশের মতো কুলীন ভাষা সভ্যতার পাদপীঠে গ্রিক ও রোমানদের ভাষা রবীন্দ্রনাথ গ্রহণ করলেন? ঔপনিবেশিক মানস থেকেই কি ইংরেজি পছন্দ করেছেন রবীন্দ্রনাথ? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ-ও হয়, তাহলেও বলা যাবে, রবীন্দ্রনাথ হয়তো দিব্যদৃষ্টিতে ইংরেজির বিশ্ববিজয়টি দেখতে পেয়েছিলেন, তাঁর ভাষা পছন্দ ভুল হয়নি। ইংরেজিকে উপেক্ষা করার আর সুযোগ নেই।বাংলামাধ্যম স্কুলগুলোতে যদি যথার্থ ইংরেজি ভাষা শিক্ষা নিশ্চিত করা যেত, ব্যয়বহুল ও ‘উন্নাসিক’ ইংরেজিমাধ্যম স্কুলের এমন সর্বব্যাপী বিকাশ ঘটত না।মাতৃভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলার সঙ্গে ইংরেজিটাও বাংলামাধ্যম স্কুলগুলোতে ভালো করে শেখানোর কর্মপরিকল্পনা নেওয়া হোক। রবীন্দ্রনাথ দেখিয়েছেন, তাতে দুটো ভাষাই ভালো শেখা হবে। তাছাড়া বিশ্বসাহিত্য সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ও প্রযুক্তির মহাসড়কে দৃঢ় পদে দাঁড়াতে কেবল দুটি ভাষা কেন, আরও বেশি ভাষা প্রয়োজনে শিখতে হবে, ভাষা শিখে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নেই, না শিখলে বঞ্চনা নিশ্চিত।