‘এর বেশি ভালোবাসা যায় না’ আর ‘সূর্য মুচকি হাসে’—দুই বছর আগে এই দুটি গান তুমুল জনপ্রিয় হওয়ায় রাতারাতি গীতিকার আর সুরকার থেকে কণ্ঠশিল্পী বনে যান শফিক তুহিন। একই বছর (২০১০) বের হয় তাঁর দুটি একক অ্যালবাম—স্বপ্ন এবং তুমি ও শফিক তুহিন ডটকম। এবার একক নয়, শফিক তুহিনের লেখা, সুর করা আর গাওয়া গান নিয়ে এসেছে মিশ্র অ্যালবাম পাগলামী। প্রকাশ করেছে মিউজিক ক্যাফে। এতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠের গানগুলো গেয়েছেন ন্যান্সি, কনা ও এলিটা। রয়েছে শফিক তুহিন আর ন্যান্সির একক কণ্ঠের গানও। কথা হলো শফিক তুহিনের সঙ্গে।অ্যালবামটির নাম ‘পাগলামী’ কেন?যাঁরা সত্যিকার অর্থে ভালোবাসতে জানেন, তাঁরা আসলেই পাগল। ভালোবাসার এই পাগল মানুষেরা মনের আনন্দে হাসেন আবার নিজের দুঃখে একান্তে বসে কাঁদতে জানেন। ভালোবাসার এমন মানুষের জন্য আমার এবারের অ্যালবাম পাগলামী। আশা করছি, আমার এই পাগলামী সবার ভালো লাগবে।অ্যালবামটির জন্য কী ধরনের গান তৈরি করেছেন?সবগুলোই রোমান্টিক ও মেলোডি ধাঁচের। আসলে প্রেমের গানে যে মজাটা দরকার, সেটাই দেওয়ার চেষ্টা করেছি।আপনার সঙ্গে দ্বৈতকণ্ঠের গানগুলো যাঁরা গেয়েছেন, তাঁদের প্রত্যেকের গান গাওয়ার ধরন একেবারেই আলাদা। একজনের সঙ্গে অন্যজনের কোনো মিল নেই।ঠিকই বলেছেন। ন্যান্সি, কনা ও এলিটার গানের সুর করার সময় এই দিকটি বিশেষভাবে খেয়াল রেখেছি। তাঁদের কণ্ঠে যে ধরনের গান শ্রোতারা পছন্দ করবে, তেমনিভাবে কাজ করেছি। নতুন করে কিছু আরোপ করতে চাইনি। আমার তো ধারণা, এ কারণেই প্রতিটি গান অন্যটি থেকে একেবারে আলাদা হয়েছে। অ্যালবামের গানগুলো নিয়ে মিউজিক ভিডিও তৈরির ইচ্ছ আছে?অবশ্যই। বৃহস্পতিবার থেকে তিন দিন সিলেটে দুটি গানের মিউজিক ভিডিও তৈরির জন্য শুটিং করব। গান দুটি হলো, ‘পাগলামী’ আর ‘এবং ভালোবাসা’। অ্যালবামটির প্রচারণাকাজের জন্য এই মিউজিক ভিডিও দুটি ব্যবহার করা হবে। এ ছাড়া অন্য গানগুলোর মিউজিক ভিডিও এরই মধ্যে তৈরি করব। রোজার ঈদের আগে পাগলামীর মিউজিক ভিডিও অ্যালবামটি বাজারে আনার পরিকল্পনা আছে।