যাঁরা সংসদে আছেন তাঁদের সহযোগিতা করতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, তা ঠিক নয়। সরকার পরিবর্তন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। যাঁরা সংসদে আছেন, দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তাঁদের সবাইকে সহযোগিতা করতে হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যাঁদের জনগণের ভোট পাওয়ার যোগ্যতা নেই, রাজনৈতিক দল গড়েও যারা ব্যর্থ হন, কিন্তু ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে, তাঁরাই সব সময় অলিগলি খোঁজেন, কীভাবে অবৈধ ও অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়া যায়। তাঁদের ক্ষমতার আকাঙ্ক্ষা আছে, কিন্তু জনগণের কাছে যাওয়ার যোগ্যতা নেই। এ কারণেই তাঁরা গণতন্ত্রকে ভয় পান। অসাংবিধানিক পথে কেউ ক্ষমতায় এলেই মনে করে তাঁরা গুরুত্ব পাবেন। কিন্তু জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের দুর্ভাগ্য, যখনই তারা কোনো স্বপ্ন দেখে, তখনই তাদের ওপর আঘাত আসে। যারা চায়নি এ দেশ এগিয়ে যাক, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রতিষ্ঠিত হোক, তারাই গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে বারবার ষড়যন্ত্র করেছে।শেখ হাসিনা দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের সময় পাঁচ হাজারের ওপর নির্বাচনের সবকটিই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। একটি নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারেনি। কাজেই কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না কেন? আওয়ামী লীগ কোনো অবৈধ সামরিক শাসকের গর্ভ থেকে গড়ে ওঠা ও কোনো জেনারেলের পকেটে বেড়ে ওঠা দল নয়। এটি দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দল। প্রতিকূল অবস্থায় রাজনীতি করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ইত্তেফাকের মানিক মিয়ার ছেলে মঈনুল হোসেন বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে দল গঠন করেন। এরশাদ ফারুককে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করালেন। খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি হুদা, রশিদকে ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে সাংসদ করলেন। এই পরিস্থিতিতে আমাকে রাজনীতি করতে হয়েছে।’ বঙ্গবন্ধুর কন্যা ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়োগান্ত ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘একদিনে মা-বাবাসহ পরিবারের সবাইকে হারিয়েছি। তখন প্রতিজ্ঞা করেছিলাম, জনগণের অধিকার ফিরিয়ে দেব।’ তিনি বলেন, ‘২০০১ সালের নির্বাচনের আগে আমি গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। সে সময় গ্যাস বিক্রি করতে রাজি হয়েছিলেন বিএনপির নেত্রী। আমি জাতির জনকের কন্যা। আমার বাবা এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিয়ে গেছেন। বাংলাদেশের মানুষের এতটুকু ক্ষতিও হোক, সেটি আমি চাই না।’স্মরণসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, দুর্গাদাস ভট্টাচার্য, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, এ কে এম রহমতউল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী। সভা পরিচালনা করেন, নূহ-উল আলম লেনিন ও অসীম কুমার উকিল।