জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘যখন সাধারণ মানুষের স্বার্থ আর রাষ্ট্রের স্বার্থ আলাদা হয়, তখন একটি দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। রাষ্ট্র তখন নিজের ক্ষমতা টেকানোর জন্য নাগরিকের অধিকার খর্ব করে। কাজেই মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র ও নাগরিকের স্বার্থ এক হতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তেমন রাষ্ট্রে বসবাস করছি না।’আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক মানবাধিকার কৌশল গড়ে তোলা নিয়ে আয়োজিত একটি সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন। দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস) এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া ফাউন্ডেশনের (এসএএফ) ভাইস চেয়ারম্যান জামিলুর রেজা চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক। সেমিনারে মিজানুর রহমান বলেন, ‘একজন মানুষ যদি তাঁর অধিকার সম্পর্কে সচেতন না হয় তাহলে তিনি কখনো অধিকার দাবি করতে পারেন না। বাংলাদেশে এখন সেই ঘটনা ঘটছে’। জাতীয় একটি জরিপের উদাহরণ দিয়ে মিজানুর রহমান বলেন, ‘আমরা এমন একটি সমাজে মানবাধিকার নিয়ে কথা বলছি যেই সমাজের ৫০ ভাগ মানুষ মানবাধিকার সম্পর্কে জানে না। বাকি ৫০ জন মানবাধিকার সম্পর্কে জানলেও সুষ্পষ্ট করে মানবাধিকারের সংজ্ঞা দিতে পারবে না। আমাদের রাষ্ট্রের আচরণ বদলাতে হবে। একমাত্র রাজনীতিবিদরাই সেই কাজটি করতে পারেন। আর পরিবর্তন আনতে হলে সামাজিক বিপ্লবও দরকার।’মিজানুর রহমান আরও বলেন, ‘আমরা যারা সভা-সেমিনার করি তারা সেই বিপ্লব করবো না। কারণ আমরা সুবিধাভোগী। আমরা তাই মানবাধিকারের জন্য মায়াকান্না দেখাই। কিন্তু সত্যিই যদি আমরা সাধারণের জন্য কিছু করতে চাই তাহলে আমাদের সাধারণ মানুষকে শেখাতে হবে। তাদের সচেতন করতে হবে।’যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে মিজানুর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এখন ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ বিচার কাজকে বাঁধাগ্রস্ত করতে চায়। মানবতাবরোধী কাজের বিচারের জন্য গঠিত আদালত অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করলেও একটি পক্ষ প্রশ্ন তুলে এই বিচার কাজ বাঁধা দিতে চায়। সাধারণ আইন আর সাধারণ স্বাক্ষ্য প্রমাণ দিয়ে পৃথিবীর কোন দেশে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়নি। তাহলে কেন বাংলাদেশে সেটি করার ষড়যন্ত্র চলছে? এটি বিচার কাজ বন্ধ করে দেওয়ারই ষড়যন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শাহনাজ হুদা বলেন, ‘বিচারবহিভূত হত্যা অনেকদিন ধরেই চলছে। সমাজের কেউ কেউ যদি মনে করেন আইনের বদলে বিচারবহিভূত হত্যকাণ্ডের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রন সম্ভব তাহলে সেটি ভয়ঙ্কর ব্যাপার।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক সুমাইয়া খায়ের, এসএআইএলএস-এর পরিচালক শরীফ ভূইয়া ও উপপরিচালক উত্তম কুমার দাস।