যাওয়া তো নয় যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদ সম্পর্কে নতুন করে আর কী বলার আছে? ২৪ বছর বয়সী এক তরুণ—বিজ্ঞানের ছাত্র—প্রথম উপন্যাস লিখেই পাঠকসমাজে সাড়া জাগিয়ে ফেলল। তারপরে আর পেছনে ফিরে তাকাবার অবকাশ বা প্রয়োজন হলো না। সে যা-ই লেখে পাঠকেরা তা সাগ্রহে লুফে নেয়। বইমেলায় লম্বা সারিতে দাঁড়িয়ে তারা তার বই কেনে, তাতে লেখকের স্বাক্ষর নিতে না পারলে দুঃখিত হয়। প্রকাশকেরাও অমন অদৃশ্য সারিতে দাঁড়িয়ে থাকে তার পাণ্ডুলিপি পাওয়ার জন্যে, বড় অঙ্কের আগাম টাকা দিতে পারলে নিশ্চিন্ত হয়। হুমায়ূনের উপন্যাসের নাট্যরূপ ধারাবাহিকভাবে টেলিভিশনে প্রচারিত হলে বাড়িসুুদ্ধ লোকজন সব কাজ ফেলে তা দেখতে থাকে। হুমায়ূন চলচ্চিত্র নির্মাণ করে, তা দেখতে শহর ভেঙে পড়ে। চলচ্চিত্র বা নাটকের জন্যে হুমায়ূন গান লেখে, তাতে সুর দেয়, তা সমাদৃত হয়। মনের আনন্দে হুমায়ূন ছবি আঁকে, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়।হুমায়ূন লিখেছে দু হাতে। তার গ্রন্থের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সে লিখেছে উপন্যাস ও ছোটগল্প, নাটক ও রম্যরচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনি ও শিশুতোষ রচনা। প্রথম প্রথম সমালোচকেরা তার অকুণ্ঠ প্রশংসা করেছেন। তারপর তাঁরা তার ত্রুটিসন্ধানে প্রবৃত্ত হয়েছেন। হুমায়ূন বেশি লেখে, তাতে তার লেখার মান পড়ে যায়। হুমায়ূন বড় বেশি জনপ্রিয়, তার মানে তার লেখায় গভীরতা নেই। হুমায়ূন কেবল গল্প বলে, দেশ ও সমাজের প্রতি তার কোনো অঙ্গীকার নেই।হুমায়ূন একবার বাংলা সাহিত্যের এক অধ্যাপককে একটা গল্প পড়তে দেয় তার মতামত জানার জন্যে। অধ্যাপক স্বীকার করেন, গল্পটা মন্দ নয়। তবে, তাঁর মতে, এতে গভীরতা কম। পাণ্ডুলিপিটা পকেটে ভরতে ভরতে হুমায়ূন তাকে বলেছিল, ‘গল্পটা মানিক বন্দ্যোপাধ্যায়ের। আমি চরিত্রের নাম পালটে কপি করে দিয়েছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় যখন গভীরতার অভাব, তখন আমার লেখা অগভীর হলে আমার দুঃখ নেই।’হুমায়ূন কখনো দাবি করেনি যে, গল্প বলার অধিক সে কিছু করতে চেয়েছে। বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত জীবনকে যেমনভাবে সে দেখেছে, তেমনিভাবে তাকে উপস্থিত করেছে। দেখা যাবে, সে যা তুলে ধরেছে তার লেখায়, তা আমাদের অজানা নয়। কিন্তু তার দেখার ভঙ্গি, উপস্থাপনের ভঙ্গির মধ্যে এমন একটা বিশেষত্ব আছে যাতে এই চেনা জগৎ ও জানা কথার মধ্যে আমরা নতুনত্ব খুঁজে পাই, আনন্দ-বিষাদের দোলায় দুলতে থাকি। ভালো করে গল্প বলাই তো কথাসাহিত্যিকের প্রধানতম কাজ। টেলিভিশন নাটকে তার সৃষ্ট চরিত্রের শাস্তি যেন না হয়, তার জন্যে বাংলাদেশের একাধিক জায়গায় মিছিল হয়েছে। বাস্তবতার বিভ্রম সৃষ্টির বড় দৃষ্টান্ত এর চেয়ে আর কী হতে পারে? আর সামাজিক অঙ্গীকার? আবার তার টেলিভিশন-নাটকের কথাই বলি। ধারাবাহিকের বিশেষ একটি পর্ব প্রচারিত হওয়ার পরের দিন সকালেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে শুনি ছাত্রদের মুখে মুখে ‘তুই রাজাকার’ বাক্যটা সজোরে ঘুরে ফিরছে। মুক্তিযুদ্ধ নিয়ে হুমায়ূনের লেখার মধ্যে যে-অসাধারণত্ব আছে, তার গুণগ্রাহিতার পূর্ণ পরিচয় ভবিষ্যতে যে পাওয়া যাবে, তাতে আমার সন্দেহ নেই। যে-সাহস নিয়ে সে হলুদ হিমু ও কালো র‌্যাব লিখেছিল, তা যেমন দুর্লভ, তেমনি বিপজ্জনক—সমাজের প্রতি দৃঢ় অঙ্গীকার না থাকলে অমন বই লেখা যায় না। হুমায়ূন পাঠকসৃষ্টিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। নিজের অভিজ্ঞতায় দেখেছি, ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েরা—বাংলা সাহিত্যে যাদের কোনো আগ্রহ নেই—হুমায়ূনের বই পড়তেই ভালো করে বাংলা লেখার উদেযাগ নিচ্ছে। হুমায়ূনের কল্যাণে এ দেশের প্রকাশনা শিল্প যেমন সহায়তালাভ করেছে, তারও তুলনা বিরল। হুমায়ূনের মধ্যে যে-সৃষ্টিশীল মানুষটি বাস করতো, সে ছিল অনেকটা খেয়ালি। তার ব্যক্তিগত আচরণে এই খেয়ালিপনার ভূরি ভূরি দৃষ্টান্ত আছে, তবে তা এখানে প্রাসঙ্গিক নয়। তার রচনার একটা বড় অংশ জুড়ে আছে দুর্জ্ঞেয়তা ও রহস্যময়তা—যেখানে চরিত্রের আচরণে বা ঘটনার পরম্পরায় আমরা সবসময়ে সামঞ্জস্য বা কার্যকারণ-সম্পর্ক নির্ণয় করতে পারি না। তবে নিজের রচনায় হুমায়ূন যে-গতিশীলতা সৃষ্টিতে পারক্ষম, তার ফলে এ-সম্পর্কে মনে প্রশ্ন বা অবিশ্বাস জাগার আগেই গল্প এগিয়ে যায়। আসলে হুমায়ূনের মনে অতিপ্রাকৃতে আস্থার একটা জায়গা আছে, সেটা অনস্বীকার্য।হুমায়ূন সম্পর্কে নতুন কথা সম্ভবত এই যে, ৬৪ বছর পূর্ণ হওয়ার আগে সে আমাদের ছেড়ে চলে গেল। তার মৃত্যু সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, এ কথা বলা যাবে না। তারপরও আশা ছিল, সে আমাদের মধ্যে ফিরে আসবে। তার অগণিত বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী-গুণগ্রাহী এই মৃত্যুতে হতাশ ও বেদনার্ত। তারপরও, হুমায়ূন নেই, এ-কথাটি বলতে পারব না। হুমায়ূন আছে। ভালো করেই আছে। চিরদিনই থাকবে। হুমায়ূন তার পূর্বসূরিদের রচনা দিয়ে নিজের অনেক বইয়ের নাম রেখেছিল। জীবনানন্দ দাশের দারুচিনি দ্বীপ কিংবা যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মনে পড়ে। সবচেয়ে সে বেশি নিয়েছিল রবীন্দ্রনাথ থেকে:আগুনের পরশমণি, আমার আছে জল, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, দিনের শেষে, দূরে কোথায়, বাদল দিনের প্রথম কদম ফুল, মেঘ বলেছে যাব যাব, শ্যামল ছায়া, সকল কাঁটা ধন্য করে, সবাই গেছে বনে। তাকে অনুসরণ করে এবং তার চলে যাওয়াকে মনে করে আমিও আজ রবীন্দ্রনাথের কথাই ব্যবহার করি: যাওয়া তো নয় যাওয়া।