নরওয়ের টেলিভিশনে প্রামাণ্যচিত্রের ভিত্তিতে গ্রামীণ ব্যাংককে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে জাতির বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ শনিবার সকালে ফ্রান্স থেকে দেশে ফিরে গ্রামীণ ব্যাংক নিয়ে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে তিনি এ মন্তব্য করেন বলে জানায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।মুহাম্মদ ইউনূস বলেন, ‘নরওয়ের টাকা একটি গ্রামীণ প্রতিষ্ঠান থেকে আরেকটি গ্রামীণ প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। সেটা আমাদের কাগজে এসেছে যে টাকা আত্মসাত্ করা হয়েছে। অথচ সেখানে কিন্তু বলেনি যে টাকা আত্মসাত্ করা হয়েছে। এখানে (বাংলাদেশের গণমাধ্যমে) এসে সেটা শিরোনাম হয়ে গেল যে এটা আত্মসাত্। বলা হলো, ড. ইউনূস সাত বিলিয়ন টাকা আত্মসাত্ করেছে। এখানে সাত বিলিয়ন টাকা কোথায় পেল, সেটা একটা বিষয়। এই সাত বিলিয়ন টাকা, সেটাও একটা মজার জিনিস। ওই টেলিভিশন প্রোগ্রামে (প্রামাণ্যচিত্রে) বলা হয়েছে, এটা হান্ড্রেড মিলিয়ন ডলারস। হান্ড্রেড মিলিয়ন ডলার শুনে ৭০ দিয়ে গুণ করে এটাকে সাত বিলিয়ন টাকা করে ফেলেছে। এটা ২০১০ সাল আর ওটা যে ১৯৯৮ সাল, সেটাও আর গুনে রাখেনি। ১৯৯৮ সালে এটার পরিমাণ এক্সচেঞ্জে (বাংলাদেশি মুদ্রায়) কী হতে পারে, সেটাও বলার বিষয়। আমাদের হিসাব ছিল ৩২১ কোটি টাকা। সেখানে বলছে ৭০০ কোটি টাকা। এটা আমার মনে হয়, জাতির জন্য আমরা অপূরণীয় ক্ষতি করলাম।’ তিনি বলেন, এই পুরো ঘটনার মধ্যে শর্ত ভঙ্গের আপত্তি জানিয়েছিল একমাত্র নরওয়ে, আর কেউ আপত্তি জানায়নি। তারা সবাই জানে জিনিসটা। যারা কোনো দিন আপত্তি জানায়নি, তারা কি আবার বিবৃতি দেবে? কোত্থেকে দেবে তারা? সেটাও বোঝা যাচ্ছে না।এদিকে আজ দুপুরে মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এর মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, হবে। আমরা প্রতিষ্ঠানকেও শাস্তি দিচ্ছি, ব্যক্তিকেও শাস্তি দিচ্ছি। কিন্তু এ শাস্তি দিতে গিয়ে যেন আমরা জাতিকেও শাস্তির মুখোমুখি করে না ফেলি। যে সুনামটা জাতি অর্জন করছিল, এর মাধ্যমে সে সুনামটাকে আমরা যেন আবার হারিয়ে না ফেলি।’ তিনি বলেন, গ্রামীণ ব্যাংক যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, অবশ্যই দুর্নীতিগ্রস্ত বলতে হবে। কিন্তু প্রমাণ হওয়ার আগেই এটা বলতে থাকা, এটা খুব ভালো কাজ হলো না।মুহাম্মদ ইউনূস বলেন, কোনো কিছু যাচাই-বাছাই না করে এমন একটি প্রতিষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে, যা ৩৪ বছর ধরে দারিদ্র্য বিমোচনে কাজ করছে, যার সঙ্গে এখন প্রায় ৮৩ লাখ গরিব পরিবার জড়িত। এ ব্যাপারে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আরও বিস্তারিত গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।গতকাল রাতে গ্রামীণ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাল রোববার দুপুর ১২টায় গ্রামীণ ব্যাংক মিলনায়তনে সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্য উপস্থাপন করবেন।