যাত্রা বিরতির দাবিতে ট্রেনসহ আটকা পড়লেন রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে ২৫ মিনিট আটকা পড়েছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আন্তনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’-এর যাত্রা বিরতির দাবিতে ওই স্টেশনে রেল লাইন অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। এ সময় স্টেশনে আটকে পড়া ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন মহানগরে ছিলেন রেলমন্ত্রী। এ সময় আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়। তবে ট্রেন থামানোর ঘটনায় ক্ষুব্ধ হন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। স্থানীয় লোকজনের উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ট্রেন থামিয়ে দাবি-দাওয়ার কথা না বলে সরাসরি আমার কাছে বললেই পারতেন। ট্রেনের যাত্রীরা টাকা দিয়ে টিকিট কেটে উঠেছেন। তাঁদের সময় অপচয় করা হলো।’ তবে মন্ত্রী দাবির বিষয়টি এলাকার সাংসদ মোহাম্মদ শাহআলমের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।সকাল থেকেই স্থানীয় জনগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কসবা রেলস্টেশনে অবস্থান নেয়। লাল নিশান নিয়ে ট্রেন লাইনে দাঁড়িয়ে যায় শত শত মানুষ। বন্ধ করে দেয় ট্রেনের সবুজ সংকেত। এ সময় চট্টগ্রামগামী মহানগর ট্রেনটি ১১টা ১৫ মিনিটে কসবা রেলস্টেশনের আউটারে আটকা পড়ে। পরে স্টেশন থেকে লোকজন সবুজ সংকেত দিয়ে ট্রেনটি কসবা রেলস্টেশনে নিয়ে আসে। মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের আশ্বাসের পরিপ্রেক্ষিতে লোকজন সরে গেলে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘কসবা রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। প্রতিশ্রুতির বিষয়টি শান্তিপূর্ণভাবে রেলমন্ত্রী মহোদয়কে জানিয়েছি।’