যাত্রা শুরু হলো এয়ারটেলের
ওয়ারিদের নাম বদলে যাত্রা শুরু করল মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এয়ারটেলকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এয়ারটেলের বর্তমান স্লোগান, ‘ভালোবাসার টানে, পাশে আনে’।গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে ওয়ারিদের সংযোগ ব্যবহারকারীদের মুঠোফোনে নতুন লোগো-সংশ্লিষ্ট এয়ারটেল লেখা ভেসে উঠছে। এ ছাড়া কয়েক দিন ধরে বিভিন্ন দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে ওয়ারিদ থেকে এয়ারটেল হওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।শুভযাত্রা উপলক্ষে এয়ারটেলের গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। ফ্রি টক-টাইম, রিচার্জ বোনাস, বোনাস খুদেবার্তা এমনকি হলিউড অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ডিনারের অফারও রয়েছে।ওয়ারিদ থেকে এয়ারটেলে পরিবর্তন উপলক্ষে সোমবার রাজধানী ও এয়ারটেলের সব কটি কার্যালয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট প্রথম আলোকে জানান, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা ম্যাক্সওয়েল রুডল্ফ নিহত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই মূলত এসব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।এয়ারটেলের মবিলিটি বিভাগের প্রধান অতুল বিন্দাল গত ৭ অক্টোবর দেশজুড়ে সর্বাধুনিক প্রযুক্তির নেটওয়ার্ক স্থাপনে, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এরিকসন ও হুয়াওয়ের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন। এর আগে ভারতে ইংরেজি ছোট হরফের ‘এ’-সংবলিত এয়ারটেলের নতুন লোগোর উন্মোচন করেন এয়ারটেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুনীল ভারতী মিত্তাল।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এয়ারটেল বাংলাদেশে ওয়ারিদের ৭০ শতাংশ অংশীদারি কিনে নেয়। ক্রিস টবিট বলেন, মূলত বিশ্বব্যাপী এয়ারটেল হিসেবে পরিচিতি পেতে একই লোগো নিয়ে এই রি-ব্যান্ডিং করা হয়েছে। গত ১১ মাস বাংলাদেশের গ্রাহকদের উন্নত সুবিধা দিতে নেটওয়ার্ক উন্নয়নে কাজ করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি এবং গ্রাহকদের প্রয়োজন ভেবে তৈরি করা হয়েছে প্রয়োজনীয় ও আকর্ষণীয় সেবা। এমনকি প্রত্যন্ত এলাকায়ও উন্নত মানের গ্রাহকসেবা দিতে এয়ারটেল এখন একদম প্রস্তুত।প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান এ উপলক্ষে একটি নতুন সুর তৈরি করেছেন। এয়ারটেল গ্রাহকেরা এটা ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে বর্তমান এয়ারটেলের গ্রাহকসংখ্যা প্রায় ৪০ লাখ।প্রথম আলো কার্যালয়ে এয়ারটেলের সিইও: এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট গতকাল সোমবার সকালে প্রথম আলোর কার্যালয়ে এসে আনুষ্ঠানিক যাত্রার কথা জানান। এ সময় তিনি যাত্রা শুরুর সংবাদ বিজ্ঞপ্তি প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমের হাতে তুলে দেন। এয়ারটেলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এস কে মুখোপাধ্যায় ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। ক্রিস টবিট এ সময় জানান, আগামী মার্চের মধ্যে তাঁদের নেটওয়ার্ক বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে।