নতুন ব্যান্ড গড়েছেন তাহসান। নাম দিয়েছেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ। গত শুক্রবার নতুন এ ব্যান্ড প্রথম কনসার্ট করেছে রাজধানীর রূপসী বাংলা হোটেলে। তাহসান ছিলেন ব্ল্যাক ব্যান্ডের সদস্য। উচ্চতর পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান তিনি। এরপর আর ব্ল্যাকের সঙ্গে গান করা হয়নি তাঁর। জানালেন, বছর সাতেক পর তিনি ব্যান্ডের সঙ্গে মঞ্চে গান করছেন।সন্ধ্যায় তাহসান অ্যান্ড দ্য সুফিজের কনসার্ট শুরু হয় ‘নিরানব্বই’ শিরোনামের গান দিয়ে। এরপর দুই ঘণ্টা নানা স্বাদের ২০টি গান দর্শক-শ্রোতাদের উপহার দেয় নতুন ব্যান্ডটি। ছিল রবীন্দ্রসংগীতও। স্ত্রী মিথিলাকে সঙ্গে নিয়েও গান করেছেন তাহসান। বেশির ভাগই ছিল তাহসানের নিজের গান। পাশাপাশি তাঁরা ব্যান্ডের নতুন গানও গেয়েছেন। তাহসান বললেন, ‘অনেক বছর পর কনসার্টে গান করছি। ভালোই লাগছে।’ তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ডের সদস্যরা হলেন: জিয়া (গিটার), রুবেল (ড্রামস), শিমুল (বেস গিটার) ও তাহসান (কণ্ঠ)। তাহসান আরও বলেন, ‘২০০৫ সালে ব্ল্যাক থেকে বেরিয়ে আসার পর আলাদা করে সুফি গান নিয়ে আমার মধ্যে ভাবনা তৈরি হয়। আর ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর সুফি-রক ঘরানার গান গাওয়ার পরিকল্পনা করি। এ ধারাটা আমাদের এখানে খুব একটা পরিচিত নয়। আশা করছি, আমরা শ্রোতাদের নতুন কিছু দিতে পারব।’