যাত্রাবাড়ীতে এক গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর মাতুয়াইলের একটি বাসা থেকে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে তাসলিমা আকতার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।তাসলিমা দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তাঁর স্মৃতি নামে আট বছরের একটি মেয়ে রয়েছে।নিহতের চাচাতো ভাই নেয়ামত উল্লাহ বলেন, তাসলিমার স্বামী মো. সোহেল একজন মুদি দোকানি। সম্প্রতি সোহেল যৌতুকের জন্য তাসলিমাকে চাপ দিচ্ছিল। যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন করে তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এক বছর আগে তাঁকে ৮০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী সোহেল ও শাশুড়ি আনোয়ারাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ভাই আমান উদ্দিন বাদী হয়ে নিহতের স্বামী, শাশুড়ি, ননদ ও ভাসুরের নামে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন।ডেমরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মুরাদ আলী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।