যাত্রাবাড়ীতে এক পরিবারের ৩ সদস্যকে জবাই করে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ৩৭/১ নম্বর বাড়ির তিন সদস্যকে জবাই করেছে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাড়ির গৃহকর্তা মিজানুর রহমান (৫০)। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পুলিশ দুই নারীর মরদেহ উদ্ধার করে। মিজানুর রহমান শিল্পপতি ছিলেন।সন্ত্রাসীদের হাতে নিহত দুই নারী হলেন—মিজানুর রহমানের স্ত্রী বীথি রহমান (৪৫) ও মা সুফিয়া বেগম (৬৫)।মিজানুরের আত্মীয়স্বজনেরা জানান, মিজানুর ওই বাড়ির মালিক। রাতে বাড়ির তিন তলায় ওই তিনজন ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় সন্ত্রাসীরা গ্রিল কেটে বাড়িতে ঢুকে তিনজনকে জবাই করে। এতে মিজানুরের মা ও স্ত্রী মারা যান আর তিনি গুরুতর আহত হন। হামলার সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা আহত মিজানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি আজ বেলা পৌনে ১১টার দিকে মারা যান।যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) কামরুন্নাহার জানান, খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে গিয়ে মিজানুরের মা ও স্ত্রীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা আজ ভোরের দিকে তাঁদের হত্যা করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।