যাত্রাবাড়ীতে পুলিশের সোর্স খুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে আলমগীর হোসেন (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।পুলিশের ভাষ্য, নিহত আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করার পাশাপাশি কাঁচামালের ব্যবসা করতেন।যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় সন্ত্রাসীরা আলমগীরকে ডেকে ৭৫ উত্তর যাত্রাবাড়ীর একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে দুর্বৃত্তেরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত আলমগীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তাঁর বাবা আবুল হাশেমের দাবি, কিছুদিন আগে স্থানীয় সালাউদ্দিন গ্রুপের এক সন্ত্রাসীকে ধরিয়ে দিয়েছিলেন আলমগীর। এর জের ধরে তারা তাঁকে খুন করেছে।যাত্রাবাড়ী থানার এসআই আফজাল জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়নি। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।