যাত্রাবাড়ীতে লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ আনোয়ার হোসেন ওরফে পিচ্চি আনোয়ার নামে একজনের লাশ উদ্ধার করে। সায়েদাবাদ বালুর মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগানও উদ্ধার করে।নিহত আনোয়ারের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার জাঙ্গানিয়া গ্রামে। ঢাকায় তিনি দনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই সন্তানের বাবা। নিহত আনোয়ারের পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের একদল সদস্য তাঁকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে হত্যা করা হয়। তবে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, গতকাল সায়েদাবাদ এলাকায় টহলকালে স্থানীয় আনোয়ার হোসেনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ মারা গেছে কি না তা তাদের জানা নেই।নিহত আনোয়ারের বোন আয়েশা আক্তারের দাবি, তাঁর ভাই আনোয়ার গাড়িচালক ছিলেন। কয়েক দিন আগে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য রাজশাহী থেকে ধরে নিয়ে যায় বলে তাঁরা শুনেছেন। আজ সকালে আশপাশের মানুষের কাছে খবর শুনে তাঁরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করে।নিহত আনোয়ারের স্ত্রী নীলুফারের দাবি, স্থানীয় কিছু লোকজন সঙ্গে তাঁর স্বামীর শত্রুতা আছে। তাঁরাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁর নামে নালিশ দিয়ে তাঁকে ফাঁসিয়েছে। র্যাব-১০-এর উপপরিচালক কামরুজ্জামান জানান, গতকাল রাত আড়াইটার দিকে তাঁদের একটি দল টহল দেওয়ার সময় আনোয়ারের লোকজন গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। তবে এতে কেউ নিহত হওয়ার খবর তিনি জানেন না। তিনি জানান, আনোয়ারের বিরুদ্ধে মতিঝিল, সিদ্ধিরগঞ্জ, যাত্রাবাড়ী ও ডেমরা থানায় ১০টি মামলা আছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও অন্য বিষয়ে কোনো বক্তব্য দেননি।