যাত্রাবাড়ীর অগ্নিকাণ্ডে আরও ২ জনের মৃত্যু
দক্ষিণ যাত্রাবাড়ীতে গতকাল বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো নয়জনে। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফকরুজ্জামান আজ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দুজনের মধ্যে গতকাল রাতে রিমু বেগম (৩০) এবং আজ বৃহস্পতিবার সকালে শিউলী বেগম (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।লিলি কেমিক্যাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কারখানা ও গুদামে জুতার আঠা তৈরির জন্য ব্যবহূত রাসায়নিক থেকে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন আমিনুর বেগম (২৫) ও বিশু (২০)।অপরদিকে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন জানান, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গতকালের সাতটি লাশ পড়ে আছে। কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি এবং কেউ লাশ নিতেও আসেনি। গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।