আইন না মেনে ৬০০ কোটি টাকা বিনিয়োগ!
যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতু বেলহাসাকে বাদ দিয়েই হচ্ছে
যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসেতুর বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বিদেশি অংশীদার দুবাইভিত্তিক বেলহাসা বলছে, তাদের না জানিয়েই বেলহাসা-একম অ্যান্ড অ্যাসোসিয়েটের মালিকানার হিস্যা পরিবর্তন করা হয়েছে। আর ব্যাংক থেকে যে ৬০০ কোটি টাকা নেওয়া হয়েছে সে বিষয়েও তারা কিছু জানে না।দরপত্রে অংশ নিয়ে কাজটা পেয়েছিল মূলত বেলহাসা-একম অ্যাসোসিয়েট। কিন্তু কার্যত এখন এর মূল মালিক ওবায়দুল করিমের ওরিয়ন গ্রুপ।আবার এই অর্থ নেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মধ্যেই ব্যাংকগুলো ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। ১৩ মে এই উড়ালসেতুর নির্মাণকাজ উদ্বোধন করার কথা।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান করিম বলেছেন, বেলহাসার সম্মতি নিয়েই কোম্পানিতে সব ধরনের কাজ হয়েছে। এমনকি মৌখিকভাবে বেলহাসা ২০০৭ সালেই জানিয়ে দিয়েছিল যে উড়ালসেতুতে তারা আর বিনিয়োগ করতে আগ্রহী নয়। ফলে এককভাবেই তারা সবকিছু করেছে। নথিপত্র অনুযায়ী, উড়ালসেতুর কাজটি পাওয়ার ক্ষেত্রে দরপত্রে নির্বাচিত হওয়ার চূড়ান্ত ঘোষণার আগে ২০০৫ সালের ২০ মার্চ বেলহাসা ও একমের মধ্যে চুক্তি হয়। একই বছরের ৬ এপ্রিল কোম্পানিটিকে বেসরকারি বিনিয়োগকারী হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিযুক্ত করে। ৫ মে যৌথ মূলধনী ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর থেকে কোম্পানি আইনের অধীনে বেলহাসা-একম নিবন্ধন নেয়। সে সময় কোম্পানির ৮০ শতাংশ শেয়ারের মালিকানা ছিল বেলহাসা গ্রুপের হাতে। আর ২০ শতাংশ মালিকানা ছিল ওবায়দুল করিম, তার সন্তান ও জামাতার নামে। পরবর্তী সময়ে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়িয়ে ওবায়দুল করিম ও তাঁর পরিবারের হাতে সিংহভাগ শেয়ার কেন্দ্রীভূত করা হয়েছে। এ নিয়ে প্রথম আলো থেকে বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনট্রাক্টিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানির এমডি ও বেলহাসা গ্রুপের পরিচালক মাজেদ আহমেদ বেলহাসা বলেন, কোম্পানির শেয়ারে অংশীদারের এই পরিবর্তন ও ব্যাংক থেকে অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অর্থ নেওয়ার বিষয়ে তাঁরা অবহিত নন। কোনো ব্যাংকের পক্ষ থেকেও তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।বদলে গেছে মূল প্রস্তাব: দরপত্রে কোম্পানিটি বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছিল, তাতে নেদারল্যান্ডের আইএনজি ব্যাংক আট কোটি ডলার, বেলহাসা সাড়ে সাত কোটি দিরহাম এবং বাংলাদেশি প্রতিষ্ঠান একম ইঞ্জিনিয়ারিংয়ের ২৫ কোটি টাকা বিনিয়োগ করার কথা উল্লেখ ছিল। দরপত্র বাছাই কমিটি বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও মধ্যপ্রাচ্যের বড় নির্মাণ প্রতিষ্ঠান বেলহাসার কারিগরি যোগ্যতার কথা বিবেচনা করেই ‘আর্থিক ও কারিগরি’ দিক থেকে তাদের যোগ্য বলে অনুমোদন করেছিল।মূল এই আর্থিক প্রস্তাব এখন পুরোটাই বদলে গেছে। সাড়ে আট কিলোমিটার উড়ালসেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ব্যাংকের সুদ বাদ দিয়ে এক হাজার ৩৩১ কোটি টাকা। এর মধ্যে ৬০০ কোটি টাকা ব্যাংক থেকে বিনিয়োগ হিসেবে নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে আরও ৪৫০ কোটি টাকা ‘প্রাক আইপিও প্রাইভেট প্লেসমেন্টের’ মাধ্যমে পুঁজিবাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ২০১১ সালে প্রাথমিক শেয়ার ছেড়ে জনগণের কাছ থেকে সংগ্রহ করা হবে আরও ১৫০ কোটি টাকা। এর বাইরে বিদেশি ঋণ বা পরিচালকদের বিনিয়োগ দেখানো হয়েছে ৩১ কোটি টাকা।ব্যাংকগুলোর বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন: জনতা ব্যাংক ২০০ কোটি টাকা, সোনালী ব্যাংক ১৫০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১৫০ কোটি টাকা, ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) ৫০ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংক ৫০ কোটি টাকা দিয়ে ইতিমধ্যেই প্রকল্পে অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছে। তিন বছরে এই অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে।ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৬(২) ধারায় বলা আছে, কোনো ব্যাংক গচ্ছিত গ্রহণ বা বন্ধক ভিত্তিতে বা মালিকানা স্বত্বে অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত পরিমাণের মধ্যে যা কম তা অপেক্ষা বেশি শেয়ার ধারণ করবে না। যেমন ব্যাংকের আদায়কৃত ও সংরক্ষিত মূলধনের মোট পরিমাণের ৩০ শতাংশ, অথবা কোম্পানির আদায়কৃত মূলধনের ৩০ শতাংশ।বেলহাসা-একমের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। এই হিসাবে কোনো ব্যাংকই ৩০ কোটি টাকার বেশি শেয়ার ধারণ করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আইনের ব্যত্যয় হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে ব্যাংকগুলো বিশেষ কোনো অনুমোদনও নেয়নি। ফলে ব্যত্যয় হলে তাদের ব্যাখ্যা দিতে হবে।’ সূত্র জানায়, ব্যাংকগুলোর বিনিয়োগের সম্পূর্ণ অর্থই ইতিমধ্যে বেলহাসা-একমের নিজস্ব স্থায়ী হিসাবে (এফডিআর) জমা করা হয়েছে। এই হিসাবে বেলহাসা-একমের কর্তৃত্ব রয়েছে। তবে সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ব্যাংকের শীর্ষ কর্মকর্তার অনুমোদনে তা ভাঙাতে হবে।যদিও ব্যাংকের পরিচালনা পর্ষদে যখন প্রস্তাব ওঠে, তখন শুধু বিনিয়োগের নীতিগত অনুমোদন হয়। আর চূড়ান্ত বিনিয়োগের আগে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে টাকা ছাড়ের কথা ছিল। আরও জানা গেছে, অগ্রাধিকার শেয়ার গ্রহণকারী কোনো কোনো ব্যাংক তাদের পরিচালনা পর্ষদে বেলহাসার মালিকানা না থাকার বিষয়টি তুলেছিল। কিন্তু তারপরও প্রস্তাবটি অনুমোদন পায়।জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতের কাছে বিনিয়োগ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে বলেন, উড়ালসেতুতে জনতা ব্যাংক কোনো ঋণ দিচ্ছে না, অগ্রাধিকার শেয়ারের বিপরীতে বিনিয়োগ করেছে ২০০ কোটি টাকা। যার কার্যকর সুদহার ১৩ শতাংশ। ইতিমধ্যেই ১৯০ কোটি টাকা তারা জনতা ব্যাংকেই স্থায়ী আমানত রেখেছে। এই বিনিয়োগের বিপরীতে কোম্পানির পরিচালনা পর্ষদে জনতা ব্যাংকের প্রতিনিধি থাকবেন। ফলে অর্থ ব্যয়ের ওপর পুরো নজরদারি থাকবে ব্যাংকের। ভবিষ্যতে বেলহাসা-একম অ্যান্ড অ্যাসোসিয়েট পুঁজিবাজারে আসবে। তখন এই শেয়ার বিক্রি করে বিনিয়োগের চেয়ে বেশি অর্থ ওঠে আসবে বলে প্রত্যাশার কথা জানান আবুল বারকাত। তবে কাগজপত্রে দেখা গেছে, লভ্যাংশ দেওয়া হবে বছর শেষে নগদে ১০ শতাংশ হারে। তিন বছর ধরে লভ্যাংশ দেওয়া শেষে অগ্রাধিকার শেয়ারগুলো সাধারণ শেয়ারে পরিণত হবে।বর্তমান বিনিয়োগকারীরা যা বলেন: সালমান করিমের সঙ্গে এ নিয়ে প্রথম আলোর বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, ২০০৫ সালের ৮ জুন বেলহাসার সম্মতি নিয়েই কোম্পানির শেয়ারের হিস্যা পরিবর্তন করা হয়। নানা কারণে প্রকল্পটি চার বছর ভোগান্তির মধ্যে পড়ে। বর্তমান সরকার ক্ষমতায় এসে অবকাঠামো উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটি নতুনভাবে বাস্তবায়ন করার জন্য ওরিয়ন গ্রুপের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হয়। সে সময় বেলহাসা প্রকল্পে বিনিয়োগ করার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। ব্যাংকগুলো এ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করার পরই হঠাৎ বেলহাসা ৬০ শতাংশ মালিকানা দাবি করে পত্র দেয়। সালমান করিম বলেন, এর জবাবে তাঁরা জানান যে প্রকল্পে এখনো বড় অংশের হিস্যা তাঁরা নিতে পারেন যদি পর্যাপ্ত বিনিয়োগ করেন। সালমান করিম বলেন, প্রকল্পটি বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। ঢাকা শহরে জমির সংকট, তাই রাস্তার ওপর দিয়েই সেতু নির্মাণ করতে হবে। কিন্তু রাস্তার তলদেশে ওয়াসা, ডেসা, বিটিসিএলসহ অনেক সেবা প্রতিষ্ঠানের সংযোগ লাইন আছে। সেগুলো না সরালে সেতু নির্মাণ করা যাবে না। এ কাজের দায়িত্ব সরকারের। তবে এটি না হওয়া পর্যন্ত নির্মাণকাজে হাত দিলে ১৬৫টি পিলারের মধ্যে মাত্র ৫৫টি নির্মাণ করা সম্ভব হবে।সাদেক হোসেন খোকার বক্তব্য: প্রকল্পের উদ্যোগী সংস্থা ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, বেলহাসা এই প্রকল্পের সঙ্গে আছে কি নেই সে বিষয়ে তাদের সঙ্গে করপোরেশনের কোনো যোগাযোগ হয়নি। তিনি জানান, টোল আদায়ের মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাব তাঁদের কাছে এসেছে। চুক্তিতে ২৪ বছরের টোল আদায়ের সুযোগ ছিল, এখন প্রস্তাব এসেছে ৩০ বছর করার। তবে এটা বাড়ানোর ক্ষমতা করপোরেশনের নেই। সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বিষয়ে এখতিয়ার আছে।বিশেষজ্ঞের মত: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলামের কাছে সামগ্রিক বিষয়ে মত চাওয়া হলে তিনি বলেন, বেলহাসা যদি এর সঙ্গে না থাকে বা তারা যদি কোনো অংশীদারে পরিবর্তন আনতে চায় তবে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধা করা উচিত। কেননা তা না হলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন আসতে পারে।অগ্রাধিকার শেয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টির ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। আর যদি তা ঋণ উপাদান হিসেবে দেখা হয়, সে ক্ষেত্রে বন্ড দিলেই তো হতো। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনের বিধান আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংককেই মানতে হবে। তা না হলে বেসরকারি ব্যাংকগুলো মানবে না।