যাত্রাবাড়ী থেকে নকল টাকা ও ভারতীয় রুপিসহ গ্রেপ্তার ৩
যাত্রাবাড়ী থেকে পুলিশ নকল টাকা ও ভারতীয় রুপিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বাদশা মিঞা (৫০), তাঁর স্ত্রী রাবেয়া আক্তার (২৩) এবং জাল নোট ছাপার মেশিনচালক মেহেদী হাসান (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে তিন লাখ ৩০ হাজার নকল টাকা এবং ৫৪ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে। এ ছাড়া সেখান থেকে জাল নোট ছাপা হয় এমন তিনটি প্রিন্টার, কেমিক্যাল, দুটি কম্পিউটারের সিপিইউ ও তিনটি ডাইস (নোট ছাপানোর কাজে ব্যবহূত যন্ত্র) উদ্ধার করা হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা যাত্রাবাড়ী থানার শেখদি এলাকায় বাদশা মিঞার বাড়িতে অভিযান চালান। সেখানে নকল টাকা প্রিন্ট হতে দেখেন পুলিশ কর্মকর্তারা। আসল ১০০ টাকার নোটকে কেমিক্যাল দিয়ে সিদ্ধ করে ৫০০ টাকার ছাপ দিয়ে নকল নোট তৈরি করা হয় বলে পুলিশ জানায়।