যাত্রাবাড়ীতে অগ্নিকাণ্ড: আরেকটি লাশ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতা তৈরিতে ব্যবহূত আঠা প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও এক ব্যক্তির লাশ আজ শনিবার শনাক্ত করা হয়েছে। আজ বেলা পৌনে তিনটার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে লাশটি শনাক্ত করেন নিহতের ভাই রাজন মিঞা। লাশটি সখী বানুর। তার বয়স (১৩)। নিহত সখী বানু ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। লাশটি আজ সকাল পর্যন্ত সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে বেওয়ারিশ হিসেবে পড়ে ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক মাসুদুল রহমান প্রথম আলোকে জানান, বিকেলে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত সখী বানু যাত্রাবাড়ীর ডিপটি পট্টির বস্তিতে থাকত। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট। প্রসঙ্গত, এ নিয়ে লিলি কেমিকেল কোম্পানি নামের ওই কারখানায় গত বুধবারের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের লাশ শনাক্ত করা হয়েছে। মর্গ সূত্রে জানা গেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে আর কোনো লাশ নেই।