যাত্রাবাড়ীতে ওয়ান ব্যাংকের ৫০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রোববার ওয়ান ব্যাংকের ৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংকটির যাত্রাবাড়ী শাখা থেকে ওই টাকা তুলে গাড়িতে করে নারায়ণগঞ্জ শাখায় নেওয়ার পথে মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের কাছে ছিনতাই হয়। পুলিশের সন্দেহ, ছিনতাইয়ের সঙ্গে ব্যাংকটির লোক জড়িত থাকতে পারে।ওয়ান ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব আলম যাত্রাবাড়ী থানায় সাংবাদিকদের জানান, সকাল সাড়ে আটটার দিকে তিনি অফিসের গাড়িতে করে মিরপুরের বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন গাড়িচালক মোহাম্মদ হারুন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওয়ান ব্যাংকের যাত্রাবাড়ী শাখা থেকে ৫০ লাখ টাকা তুলে ওই গাড়িতে (ঢাকা-মেট্রো গ-১৭-৮৫৭৭) নারায়ণগঞ্জের দিকে রওনা দেন। টাকাগুলো দুটি কার্টনে গাড়ির পেছনে ছিল। পৌনে ১১টার দিকে গাড়িটি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের কাছে পৌঁছালে সামনে একটি বাস থেমে থাকায় গাড়ির গতি কমে যায়। এ সময় এক যুবক গাড়ির সামনে এসে কাঠের ফালি দিয়ে সামনের কাচে তিন-চারটি আঘাত করে। একই সময়ে দুটি মোটরসাইকেলে চার যুবক গাড়ির দুই পাশে আসে এবং কাচে গুলি করে। কাচ ভেঙে তারা অস্ত্রের মুখে টাকাভর্তি কার্টন দুটি ছিনিয়ে নিয়ে তারা দুটি মোটরসাইকেলে করে চলে যায়।মাহবুব আলম আরও জানান, জিনেসর প্যান্ট ও গেঞ্জি পরা ওই যুবকদের একজনের বয়স একটু বেশি, বাকিদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। নিরাপত্তাপ্রহরী ছাড়া এত টাকা বহন করা সম্পর্কিত প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, নিরাপত্তা গ্রহণের জন্য বিভিন্ন প্রক্রিয়ার কারণে সময় লাগে। তাই তিনি সপ্তাহের প্রথম দিনে গ্রাহকদের চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন। আগেও বেশ কয়েকবার এভাবে টাকা বহন করেছেন। তাঁর সন্দেহ, ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে।গাড়িচালক মোহাম্মদ হারুন জানান, সামনে একটি বড় বাস থেমে থাকায় গাড়ির গতি কমাতে হয়। এ সময় এক যুবক কাঠের ফালি দিয়ে গাড়ির সামনের কাচে বাড়ি দেয়। দুটি মোটরসাইকেলে থাকা অপর চারজন দুই পাশ থেকে পেছনের কাচে গুলি করে এবং কাচ ভেঙে টাকাগুলো নিয়ে যায়।যাত্রাবাড়ী থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় ওয়ান বাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ছিনতাই হওয়া টাকা উদ্ধারের জন্য থানা পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি পুলিশসহ ঘটনাস্থলে যান এবং ঘটনা জানার জন্য গাড়িসহ ব্যাংকের কর্মকর্তা ও চালককে থানায় নিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় অঙ্কের টাকা বহনের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের কাছে নিরাপত্তা চায়নি। এ ছিনতাইয়ের সঙ্গে ব্যাংকের লোক জড়িত আছে বলে তাঁদের সন্দেহ। বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে দুর্ঘটনার জন্য বিমা করা থাকে।দুপুরে যাত্রাবাড়ী থানায় গিয়ে দেখা যায়, থানা প্রাঙ্গণে ওই গাড়িটি রয়েছে। গাড়ির সামনের কাচের অনেকটাই ভাঙা। পেছনের দুই পাশের কাচ ভেঙে ভেতরে পড়ে আছে।