যাত্রাবাড়ীতে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আম পাকানো হচ্ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের শুরুতেই বাজারে পাকা আম দেখলে খুশি হওয়ার কিছু নেই। কারণ এ আম কৃত্রিম উপায়ে পাকানো এবং এ আম পাকাতে এমন কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আজ বুধবার সকালে যাত্রাবাড়ীর আলামদি ফলের আড়তে অভিযান চালিয়ে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো প্রায় ২০ মণ আম উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব আম যশোর থেকে আসা এবং ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকিয়ে সেগুলো বাজারজাত হওয়ার অপেক্ষায় ছিল। ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে আম পাকানোর জন্য ভ্রাম্যমাণ আদালত মেসার্স কবীর ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এর মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আদালত উদ্ধার করা আম জব্দ করেন। ঢাকা মহানগর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন র্যাব, ঢাকা মহানগর দাঙ্গা পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা।