যাত্রাবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরকার গলিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি করার সময় গণপিটুনিতে সিদ্দিকুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর সঙ্গী রানা। পুলিশ আজ শুক্রবার সকালে সিদ্দিকুরের লাশ উদ্ধার করেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিদ্দিকুর ও রানা ওই গলিতে একটি বাসার জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করার সময় ধরা পড়েন। এ সময় ওই বাসার দারোয়ান ও স্থানীয় লোকজন দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সিদ্দিকুর মারা যান। আর আহত রানাকে হাসপাতালে পাঠানো হয়। তবে তা কোন হাসপাতালে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ আজ সকালে ধলপুরের বাদল সরকার গলির মসজিদের সামনে থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সিদ্দিকুর যাত্রাবাড়ীর সুতি খালপাড়ার ঝিলপাড়ে থাকতেন। তাঁর বাড়ি ফরিদপুরে বলে জানা গেছে।