কারখানায় অগ্নিনির্বাপকযন্ত্র ছিল, প্রশিক্ষণ ছিল না
যাত্রাবাড়ীতে দগ্ধ আরও দুজনের মৃত্যু
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতা তৈরিতে ব্যবহূত আঠা প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের মধ্যে দুজন মারা গেছেন। তাঁরা হলেন রিমু আক্তার (২৮) ও শিউলী আক্তার (২৫)। তাঁরা ওই কারখানার শ্রমিক। এ নিয়ে গত বুধবার রাসায়নিক দ্রব্য থেকে সূত্রপাত হওয়া আগুনে নিহত ব্যক্তিদের সংখ্যা দাঁড়াল নয়জনে।ওই অগ্নিকাণ্ডে আহত অপর দুজনের মধ্যে আমিনুর বেগমের অবস্থা আশঙ্কাজনক। অপরজন বিশু মিয়ার অবস্থাও আশঙ্কামুক্ত নয়। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদিকে বুধবার ঘটনাস্থলে নিহত সাতজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। স্থানীয় লোকজন দাবি করেছেন, ওই ঘটনায় কারখানার কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে পুলিশ বলেছে, একজনের নিখোঁজ থাকার খবর তাদের কাছে আছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, লিলি কেমিক্যাল কোম্পানি নামের ওই কারখানা ও গুদামে অগ্নিনির্বাপকযন্ত্র থাকলেও সেগুলো ব্যবহারের প্রশিক্ষণ বা অগ্নিনির্বাপণ মহড়ার অভিজ্ঞতা শ্রমিকদের ছিল না।ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিদগ্ধ চারজনের মধ্যে রিমু বুধবার দিবাগত রাত সোয়া দুইটায় এবং শিউলী গতকাল সকাল আটটার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুজন একই ইউনিটে চিকিৎসাধীন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন বলেন, চিকিৎসাধীন আমিনুর বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁর কণ্ঠনালিসহ শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যাওয়া বিশুও আশঙ্কামুক্ত নন। তিনি বলেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের চার মাসের মাথায় রাসায়নিক থেকে এ ধরনের অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক। সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানার মালিককে এ বিষয়ে সচেতন হতে হবে।আমিনুর বেগমের ভাই ইব্রাহিম জানান, তাঁর ভগ্নিপতি আরেকজনকে বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় বোন সাত-আট মাস আগে ওই কারখানায় কাজ নেন। তাঁর বাসা দনিয়ায় এ কে স্কুলের পেছনে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।নিহত রিমুর স্বামী লেদ কারখানার শ্রমিক জামাল হোসেন হাসপাতালে প্রথম আলোকে জানান, তিন-চার মাস আগে রিমু ওই কারখানায় কাজ নেন। বুধবার শরীর ভালো না থাকায় তাঁকে কাজে যেতে বারণ করেছিলেন তিনি। কিন্তু ঈদের আগে টাকা পাওয়ার আশায় ওই শরীরেও কাজে যান তিনি। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি অগ্নিকাণ্ডের খবর পান। পরে তিনি হাসপাতালে যান। তাঁরা দনিয়ার ৫৭১ নম্বর বড়বাড়ীতে থাকেন। তাঁদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।শিউলী আক্তারের মামা সাত্তার খান জানান, তিন-চার মাস আগে শিউলী ওই কারখানায় কাজ নেন। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীতে থাকতেন। এক বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। বুধবার সন্ধ্যায় তিনি কালো ধোঁয়া দেখে দৌড়ে কারখানায় যান। সেখানে শিউলীকে না পেয়ে ঢাকা মেডিকেলে আসেন। শিউলীর গ্রামের বাড়ি পটুয়াখালীতে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পাঁচজনের লাশ শনাক্ত: বুধবার ঘটনাস্থলে নিহত সাতজনের মধ্যে পাঁচজনের লাশ গতকাল শনাক্ত করেছেন তাঁদের স্বজনেরা। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তাঁরা লাশগুলো শনাক্ত করেন। যাঁদের লাশ শনাক্ত করা হয়েছে তাঁরা হলেন, কোহিনূর বেগম (২৭), তাঁর বোন শাহীনূর বেগম (২৫) এবং সুমী আক্তার (১৩), আলেয়া আক্তার (৩৫) ও তাঁর বোন আকলিমা আক্তার (৩০)। প্রথম তিনজন থাকতেন ৬৬৮ নম্বর দোলাইরপাড়ে। কোহিনূর শরীয়তপুরের পালংয়ের বাসিন্দা রিকশাচালক সেলিম মিয়ার স্ত্রী। শাহীনূরের স্বামী মুন্সিগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা রিকশাচালক সুরুজ মিয়া। সুমি মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা শহীদ মিয়ার মেয়ে। আলেয়াদের বাসা ৭৭৮, দক্ষিণ দনিয়ায়। এক বছর আগে আলেয়ার বিবাহবিচ্ছেদ হয়। আবির নামে তাঁর এক ছেলে আছে। আকলিমার স্বামীর নাম মনু মিয়া। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।গতকাল রাত আটটার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বজনদের কাছে এই পাঁচজনের লাশ হস্তান্তর করা হয়। এ সময় তাঁদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়।স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। লাশগুলো যাতে প্রকৃত স্বজনেরা পায়, সে ব্যাপারে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারখানার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে পাওয়া গেলে সেখানে কর্মরত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যাবে।কাজে লাগানো হয়নি অগ্নিনির্বাপক যন্ত্র: ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, লিলি কেমিক্যালের কারাখানায় আইন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপক যন্ত্র ছিল। কিন্তু শ্রমিকদের এগুলো ব্যবহারের প্রশিক্ষণ না দেওয়ায় যন্ত্রগুলো কোনো কাজে আসেনি। এ ছাড়া সেখানে কখনো অগ্নিনির্বাপণ মহড়া হয়নি।অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান ও ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিচালন ও রক্ষণ) ভরত চন্দ্র বিশ্বাস জানান, কারখানায় ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে চারটি কার্বন ডাই-অক্সাইড, চারটি ড্রাই কেমিক্যাল পাউডার ও ১২টি ফোম এক্সটিংগুইশার রয়েছে। প্রত্যক্ষদর্শীরা তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে উৎসাহ দেখাচ্ছেন না। গতকাল ঘটনাস্থলে দীর্ঘক্ষণ অবস্থান করেও তাঁরা কোনো প্রত্যক্ষদর্শী বা শ্রমিকের সঙ্গে কথা বলতে পারেননি।ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রশীদ জানান, কারখানাটি ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিয়েছিল। কারখানায় বেশ কিছু অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও শ্রমিকেরা এর ব্যবহার না জানায় এগুলো কাজে লাগাতে পারেননি। সব যন্ত্রই অব্যবহূত পাওয়া গেছে।গতকাল ওই কারখানার বেঁচে যাওয়া শ্রমিক রাকিবুল ইসলাম জানান, তিনি চুল্লির পাশের কক্ষে কাজ করছিলেন। বিশু ও ইয়াসিন মিশ্রণের জন্য রাসায়নিকের ড্রাম নিয়ে আসছিলেন। চুল্লির পাশে তৈরি আঠার বোতলে তাপ (হিটগান) দিয়ে মোড়ক লাগাচ্ছিলেন কয়েকজন নারী শ্রমিক। এই হিটগানের তাপ কোনোভাবে বেড়ে হয়তো আঠাভর্তি বোতলে আগুন ধরে যায়। সেখান থেকে আগুন ড্রামের রাসায়নিকে ছড়িয়ে পড়লে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তিনি জানান, তাঁরা বের হতে পারলেও মোড়ক লাগাতে ব্যস্ত নারী শ্রমিকেরা বের হতে পারেননি।আরেকজন শ্রমিক জানান, আগুনের তীব্রতার কারণে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করার কথা তাঁদের একবারও মনে হয়নি।ঘটনার বর্ণনা দিয়ে কারখানার পাশের একটি বাড়ির এক নারী জানান, বিস্ফোরণের পর কারখানা থেকে নারীদের কান্না আর চিৎকার শোনা যায়। ভেতরে মানুষগুলোর কী পরিণতি হচ্ছিল, তা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছে। কারখানার মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে স্থানীয় লোকজন দাবি করেন, কারখানার কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এঁদের একজন হলেন শারমিন আক্তার সখি। তবে ওসি জানান, সখি ছাড়া এখন পর্যন্ত আর কারও নিখোঁজ থাকার খবর তাঁদের কাছে আসেনি। ধারণা করা হচ্ছে, যে দুটি লাশ এখনো শনাক্ত হয়নি, তার মধ্যে একটি সখির।