রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতা তৈরিতে ব্যবহূত আঠা প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক শ্রমিক আমিনুর বেগম (৩০) গতকাল শুক্রবার মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এ নিয়ে গত বুধবার রাসায়নিক দ্রব্য থেকে সূত্রপাত হওয়া ওই আগুনে নিহতের সংখ্যা দাঁড়াল ১০ জনে।সংশ্লিষ্ট সূত্র জানায়, লিলি কেমিক্যাল কোম্পানি নামের ওই কারখানা গড়ে উঠেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই। এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে থাকা ওই ঘটনায় নিহত আরও একজনের লাশ শনাক্ত করেছেন স্বজনেরা। ঘটনার তিন দিন পরও কারখানার মালিক এ কে এম সেলিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে সাতজন নিহত ও চারজন আহত হন।ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের অধ্যাপক শহিদুল বারী গতকাল প্রথম আলোকে জানান, ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আমিনুর বেগম সকাল সাড়ে ১০টার দিকে মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ইউনিটে চিকিৎসাধীন ওই কারখানার অপর দগ্ধ শ্রমিক বিশু মিয়ার অবস্থাও সংকটাপন্ন। তাঁর শরীরের ৩৫ শতাংশ ও শ্বাসনালি পুড়ে গেছে।গতকাল বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, শরীরে ব্যান্ডেজ বাঁধা বিশু যন্ত্রণায় কাতরাচ্ছেন। পাশে থাকা তাঁর স্বজনদের চোখে পানি।দুপুরে মর্গ থেকে আমিনুর বেগমের লাশ তাঁর বাবা ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। লাশ নেওয়ার আগে তিনি বলেন, আমিনুরের মেয়ে শান্তমণি (১৩) ও ছেলে প্রান্ত (১০) শেষ আশ্রয় হারাল। আমিনুরের স্বামী কয়েক মাস আগে আরেকটি বিয়ে করার পর স্ত্রী-সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর আমিনুর দনিয়ায় এ কে স্কুলের পেছনে বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ওই কারখানায় কাজ করতেন।মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দগ্ধদের একজনের স্বজন সুরুজ বেপারি বাদী হয়ে বুধবারই কারখানার মালিক সেলিমের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়, মালিকের অবহেলার কারণেই শ্রমিক দগ্ধ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, কারখানার মালিককে গ্রেপ্তারের জন্য চানখাঁরপুলে তাঁর বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে। তিনি জানান, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, কারখানায় বিদ্যুতের তার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ দাহ্য রাসায়নিক ইথিলিন ক্লোরাইডের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।অনুমোদন নেয়নি ওই কারখানা: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপ্রধান পরিদর্শক জামসেদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ওই কেমিক্যাল কারখানা স্থাপনের জন্য অধিদপ্তর থেকে অনুমোদন নেওয়া হয়নি। অধিদপ্তরের অনুমোদন না নিয়ে এ ধরনের কারখানা স্থাপন দণ্ডনীয় অপরাধ। কোনো সাইনবোর্ড না থাকায় টিনশেড ঘরে যে কোনো কারখানা আছে তা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। অগ্নিকাণ্ডের পর অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এদিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, ওই কারখানা পরিবেশ অধিদপ্তর থেকেও ছাড়পত্র নেয়নি। অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে কারখানার মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবেন।আরেকজনের লাশ শনাক্ত: লিলি কেমিক্যালের আরেক শ্রমিক রুনিয়া আক্তারের (১২) লাশ গতকাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে গিয়ে শনাক্ত করেন তার মা খাদিজা বেগম। লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাঁকে ২০ হাজার টাকা দেওয়া হয়। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়।রুনিয়াদের বাসা যাত্রাবাড়ী এলাকায়। তাদের প্রতিবেশী ইকবাল হোসেন জানান, রুনিয়ারা দুই ভাই ও তিন বোন। তাদের বাবা আচার বিক্রেতা হাবিবুল্লাহ চার-পাঁচ মাস আগে মারা যান। খাদিজা তরকারি বিক্রি করে কোনোমতে সংসার চালান। রোজার ঈদের পর রুনিয়াকে ওই কারখানায় কাজে দিয়েছিলেন।এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে নিহত সাতজনের মধ্যে ছয়জনের লাশ শনাক্ত হলো। অপরজনের লাশ বেওয়ারিশ হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে।