যাত্রাবাড়ীতে দোকান কর্মচারীর লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীতে ময়নুল হোসেন দিপু (১৪) নামের একটি ফোন-ফ্যাক্সের দোকানের একজন কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাতটার দিকে যাত্রাবাড়ীর ধলপুরের একটি ফোন-ফ্যাক্সের দোকান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ময়নুল হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের চর মতলবে। জানা যায়, ময়নুল হোসেন কাজ সেরে রাতে দোকানেই ঘুমায়। গতকাল রাত ১২টার দিকে দোকানের বাইরে থেকে তালা দিয়ে দোকানের মালিক বাসায় চলে যান। এ সময় ময়নুল হোসেন দোকানের ভেতরেই ছিল। কিন্তু দোকানের মালিক আজ সকালে এসে দেখেন বাইরে থেকে দোকানের দরজা খোলা। ভেতরে ঢুকেই দোকানের মেঝেতে ময়নুল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে তিনি আশপাশের লোকজন ও পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, ময়নুল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।